মিসরের পার্লামেন্ট নির্বাচনে ভোট পড়েছে ৬২ শতাংশ
মিসরে প্রথম দফার পার্লামেন্ট নির্বাচনে ৬২ শতাংশ ভোট পড়েছে। দেশটির প্রধান নির্বাচনী কর্মকর্তা গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আবদেল মোয়েজ ইব্রাহিম জানান, মিসরের ইতিহাসে এত বিপুল সংখ্যক ভোট এর আগে পড়েনি।মিসরের সেনাশাসকেরা এর আগে এই নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়ার কথা বলেছিলেন। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার এ নির্বাচনে ৬২ শতাংশ বৈধ ভোট পড়েছে। তবে নির্বাচনের সার্বিক চিত্র এখনো পরিষ্কার নয়। গত ৬০ বছরের মধ্যে দেশটিতে অনুষ্ঠিত গণতান্ত্রিক এ নির্বাচনে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড বেশি সমর্থন পাওয়ার আশা করছে। অন্য ইসলামপন্থী দলগুলোও এ নির্বাচনে ভালো ফলাফল করার আশা করছে।গত সোম ও মঙ্গলবার মিসরে প্রথম দফায় পার্লামেন্ট নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়। প্রায় ৮০ লাখ ভোটার এ নির্বাচনে ভোট দিয়েছেন। আগামী তিন মাস ধরে তিন দফায় দেশটির পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।