মিসরের পার্লামেন্টে ভোট গ্রহণ শুরু (ভিডিও)
মিসরে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক যুগের অবসানের পর আজ সোমবার সকালে দেশটিতে প্রথমবারের মতো পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।গত ৫০ বছরের মধ্যে দেশটিতে এ প্রথম জনগণের প্রত্যক্ষ ভোটে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
প্রথম দফার নির্বাচনে নির্বাচিত সদস্যরা নিম্ন কক্ষ গঠন করবেন। ২০১২ সালের মার্চ নাগাদ উভয় কক্ষের নির্বাচন শেষ হবে। ৫০টিরও বেশি রাজনৈতিক দল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর বাইরে কয়েক হাজার স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে লড়ছেন। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে সেনাশাসন-বিরোধী বিক্ষোভ চলছে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪২ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। এর প্রেক্ষাপটে অনেকেই আজকের পার্লামেন্ট নির্বাচন নিয়ে সহিংসতার আশঙ্কা করছিল। আবার কেউ কেউ বলছে, এ নির্বাচনে জাতি বিভক্ত হয়ে পড়তে পারে।এদিকে দেশটির ক্ষমতাসীন সুপ্রিম কাউন্সিলের প্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাবি গতকাল রোববার বলেছেন, ‘বর্তমান সহিংসতার অবসান না হলে দেশটি গভীর সংকটে পড়বে।’ মিসরে চলমান সেনাশাসন-বিরোধী বিক্ষোভে বিদেশি শক্তির হাত রয়েছে বলেও তিনি দাবি করেন।