মিসরের প্রেসিডেন্ট নির্বাচন স্থগিতের আদেশ
মিসরের প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করার পক্ষে রায় দিয়েছেন প্রশাসনিক নিম্ন-আদালত। নির্বাচন স্থগিত করার একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বেহনা প্রদেশের একটি আদালত এ রায় দেন। বিচার বিভাগীয় একজন কর্মকর্তা ও একজন আইনজীবীর মতে, এ রায় বদলাতে পারে। রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।বিশেষজ্ঞরা বলেন, প্রাদেশিক আদালতের এ রায় বদলে যেতে পারে। কেননা, মামলাটি কৌশলগত বিষয় নিয়ে করা হয়েছে।মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা জানায়, নির্বাচন কমিশন ২৩ মে নির্বাচনের তারিখ ঘোষণা করে নিয়ম ভঙ্গ করেছে বলে আদালত তাঁর রায়ে উল্লেখ করেন। মিডল ইস্ট বার্তা সংস্থা আদালতের রায়ের বরাত দিয়ে জানায়, ক্ষমতাসীন সামরিক পরিষদই কেবল ভোটারদের এই আহ্বান জানাতে পারে। ১৮ দিনের গণ-অভ্যুত্থানের মুখে গত বছর মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের পর সেনাবাহিনী দেশটির ক্ষমতা গ্রহণ করে। প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সেনাবাহিনী একটি বেসামরিক সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে। ক্ষমতাসীন সেনা পরিষদ গতকাল বুধবার এক বিবৃতিতে নির্বাচন স্থগিত হওয়ারা আশঙ্কা নেই বলে জানিয়েছেন।নির্বাচনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে ইসলামপন্থী এবং মোবারকের এক ঘনিষ্ঠজন সাবেক গোয়েন্দাপ্রধান ওমর সুলাইমানের মধ্যে। গতকাল এক কর্মকর্তার বরাত দিয়ে মেনা জানায়, মন্ত্রিপরিষদে চারজন মন্ত্রীর পদে রদবদল হতে পারে। এগুলো হচ্ছে, শিক্ষা, সংস্কৃতি, জনশক্তি ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ।