মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু
মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে আজ ২৩ মে বুধবার ভোট নেওয়া শুরু হয়েছে । দুই দিনব্যাপী ভোট গ্রহণ শেষ হবে কাল ২৪ মে। আরব বসন্তের জোয়ারে গত বছরের ফেব্রুয়ারি মাসে স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর এটাই হবে সে দেশে বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতির প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। রয়টার্স ও বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।মোবারকের প্রায় তিন দশকের শাসন ও পূর্ববর্তী সামরিক শাসকদের শাসনামলের বিচার করলে মিসরে বিগত ৬০ বছরের মধ্যে এটাই হচ্ছে প্রথম অবাধ ও নিরপেক্ষ বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে মূলত ব্রাদারহুড-সমর্থিত ইসলামপন্থী প্রার্থী ও মোবারকের শাসনামলে উচ্চপদে থাকা সাবেক কর্মকর্তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচনে যিনিই জিতুন না কেন, অর্ধেকের বেশি ভোট পেতে হবে। অন্যথায় ১৬ ও ১৭ জুন দ্বিতীয় দফা ভোট নেওয়া হবে। পূর্বপরিকল্পনা অনুযায়ী ১ জুলাই নতুন প্রেসিডেন্টের কাছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তরের কথা।নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন—সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আরব লিগের প্রধান আমর মুসা, মোবারকের অধীনে দায়িত্ব পালনকারী সর্বশেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিক, মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি, ইসলামপন্থী স্বতন্ত্র প্রার্থী আবদেল মোনেইম আবুল ফোতোয়াহ ও নাসেরপন্থী প্রার্থী হামদিন সাব্বাহি।নির্বাচনে ভোট দেবেন পাঁচ কোটি ভোটার। ভোট উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মিসর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।নির্বাচন চলাকালে সবাইকে শান্ত থাকতে এবং নির্বাচনের ফল যা-ই হোক না কেন, তা মেনে নিতে প্রার্থী, রাজনৈতিক দল ও রাজনীতিকদের আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কামাল আল-গানজুরি।