মিসরের মন্ত্রিসভা পুনর্গঠন করলেন হোসনি মোবারক
মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক দেশটির মন্ত্রিসভা পুনর্গঠন করেছেন। চলমান সরকারবিরোধী বিক্ষোভ প্রশমনের লক্ষ্যে গতকাল সোমবার তিনি এ পদক্ষেপ নেন। মোবারকের নতুন মন্ত্রিসভায় পুলিশের সাবেক মহাপরিচালক মাহমুদ ওয়াগদিকে করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। মাহমুদ ওয়াগদি এর আগে কায়রোর অপরাধ তদন্ত বিভাগের প্রধান এবং কারাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক মন্ত্রী আহমেদ আবুল গাইতিকে দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।জেনারেল মোহাম্মেদ হুসাইন তানতাওই একই সঙ্গে প্রতিরক্ষা ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সামির মোহাম্মদ রেদওয়ানকে করা হয়েছে অর্থমন্ত্রী। এ ছাড়া নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে বাণিজ্যমন্ত্রীকে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ কথা বলা হয়েছে। মন্ত্রিসভা পুনর্গঠনের পরও মিসরে সরকারবিরোধী বিক্ষোভ থেমে নেই। আজ মঙ্গলবার সেখানে সাধারণ ধর্মঘট পালিত হবে। এ ছাড়া অনুষ্ঠিত হবে স্মরণকালের সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ মিছিল। এ মিছিলে ১০ লাখ লোকের সমাগম হবে বলে আশা করছে বিরোধীরা। বিক্ষোভকারীরা বলছেন, মোবারকের পদত্যাগ ছাড়া অন্য কোনো পরিবর্তনই তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। তবে দেশটির সেনাবাহিনী বলেছে, তারা বিক্ষোভকারীদের ওপর কোনো ধরনের বল প্রয়োগ করবে না।এদিকে বিশ্লেষকেরা বলছেন, মোবারকের এই নতুন মন্ত্রিসভার চেহারা দেখে প্রতীয়মান হয়, নিরাপত্তাগত দিককে প্রাধান্য দিয়ে তিনি সংকট নিরসন করতে চান। কেননা, তাঁর মন্ত্রিসভায় নিরাপত্তা সংস্থার লোকজনের উপস্থিতিই বেশি।