মিসরের মাঠে এখনো রক্তের দাগ (ভিডিও )
মিসরের পোর্ট সৈয়দ স্টেডিয়ামের চেয়ার, ভাঙা গেট এবং পরিত্যক্ত জুতাতে এখনো লেগে আছে রক্তের দাগ। দগদগে ঘা এখনো নিহতদের আত্মীয়-স্বজনের বুকে। গত বুধবার ছিল মিসরের ফুটবল ইতিহাসের ভয়াবহ এক দুর্দিন। স্টেডিয়ামে দুই দলের সমর্থকের সংঘর্ষে ৭৪ জন সমর্থক নিহত হয় এবং সহস্রাধিক আহত হয়। সংঘর্ষের ওই ঘটনার প্রাথমিক তদন্তে মিসরের সরকারি কৌঁসুলি আবদেল মাজিদ মাহমুদ স্টেডিয়াম পরিদর্শন করেছেন। ইতিমধ্যে দেশে তিন দিনের জাতীয় শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গত বুধবার মিসরের আল-মাসরি এবং আল-আহলি ক্লাবের দুই দলের সমর্থকদের এই সংঘর্ষের জন্য অনেকেই নিরাপত্তা বাহিনীর দায়িত্বের অবহেলাকে দায়ী করেছে। অনেকে আবার এই সংঘর্ষের জন্য সে দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এদিকে কায়রোর প্রধান রেলস্টেশন রামসেসে শত শত মানুষ এখনো তাদের স্বজনদের ফিরে পেতে অপেক্ষা করছে। তারা মিলিটারি কাউন্সিল এবং ফিল্ড মার্শাল মোহামেদ হুসেন তানতাওয়াইয়ের বিরুদ্ধে স্লোগান দেয়। স্বজনহারা মানুষ ‘সেনাশাসন নিপাত যাক’ এবং ‘ফিল্ড মার্শালের ফাঁসি চাই’ বলে স্লোগান দিতে থাকেন। মিসরের পার্লামেন্ট এই সংঘর্ষ নিয়ে জরুরি সভার আয়োজন করতে যাচ্ছে।