মিসরের সদস্যপদ স্থগিত করেছে আফ্রিকান ইউনিয়ন
মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতাচ্যুত করার পর আজ শুক্রবার দেশটির সদস্যপদ স্থগিত করেছে আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়নের মহাসচিব আদমোর কামবুজি বলেন, ‘মিসরে সাংবিধানিক শাসন ফিরিয়ে না আনা পর্যন্ত আফ্রিকান ইউনিয়নের (এইউ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এইউয়ের শান্তি ও নিরাপত্তাবিষয়ক পরিষদ ইউনিয়নের সব কর্মকাণ্ডে মিসরের অংশগ্রহণ স্থগিত করেছে।’ এইউয়ের যেকোনো সদস্য রাষ্ট্রে সাংবিধান লঙ্ঘনের জবাবে এইউ সাধারণত রাষ্ট্রটির সদস্যপদ স্থগিত করে। গত মার্চে জঙ্গি গোষ্ঠীগুলো মধ্য আফ্রিকীয় রিপাবলিকের সরকারকে উত্খাত করলে সংস্থাটি দেশটির সদস্যপদ স্থগিত করছিল। এ ধরনের ঘটনায় এইউ মাদাগাস্কার ও মালির সদস্যপদও স্থগিত করেছিল।মিসরের নির্বাচিত সরকারকে উত্খাতের ঘটনায় তিউনিসিয়া ও তুরস্ক নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এ ঘটনায় প্রকাশ্যে কোনো পক্ষ নেয়নি। তবে তারা অতিদ্রুত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত করার আহ্বান জানিয়েছে। বিচারপতি আদলি মানসুর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরিবর্তী কাজ হবে সেনাবাহিনীর ঘোষিত ‘রোডম্যাপ’ প্রকাশ করা। একটি সরকারি সংবাদপত্রে বলা হয়েছে, আসছে রোববারের মধ্যে নতুন সরকার গঠিত হবে।