মিসরের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন মুরসি
মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি আজ রোববার দেশটির সুপ্রিম কাউন্সিল অব আর্মড ফোর্সেসের প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ হুসেইন তানতাবিকে বরখাস্ত করেছেন। মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আজ রাতে আল-জাজিরার খবরে বলা হয়, প্রেসিডেন্টের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে আকস্মিকভাবে দেওয়া এক ভাষণে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি জানান। ওই ঘোষণার আরেকটি জরুরি অংশ ছিল, সেনাবাহিনীর চিফ অব স্টাফ সামি এনানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো। বর্তমান আইন ও গত কয়েক মাসের পাস করা প্রজ্ঞাপন অনুযায়ী মোহাম্মদ মুরসি এটা করতে পারেন কি না, এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত যেমন আকস্মিক, তেমনি অপ্রত্যাশিত। তবে, এই ঘটনার মধ্য দিয়ে দেশটির সেনাবাহিনী ও নবনির্বাচিত সরকার যে মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়তে যাচ্ছে, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।