মিসরের সেনাবাহিনী চরমপন্থীদের ক্ষমতায় আসার বিরোধী
মিসরের বর্তমান সামরিক নেতারা দেশে চরমপন্থী মুসলিম দলের ক্ষমতায় আসার বিরোধী। মধ্যমপন্থী ধর্মীয় চিন্তাধারার অনুসারীরা দেশ শাসন করুক বলে তাঁরা মন্তব্য করেছেন। জনগণের মধ্যে যে ভীতি বিরাজ করছে, মিসরের সেনাবাহিনীর এই মন্তব্যে তা কিছুটা হলেও কমবে। বর্তমানে চরমপন্থী জঙ্গি ইসলামি সংগঠনগুলি মিসরে খোলামেলা রাজনীতি করছে ও কঠোর ইসলামি অনুশাসন প্রতিষ্ঠিত করতে চাচ্ছে।গতকাল সোমবার তিন জেনারেলের সঙ্গে জাতীয় দৈনিক পত্রিকা ও বার্তা সংস্থার সম্পাদকদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার এই বৈঠকের সংবাদ জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।গত ১১ ফেব্রুয়ারি সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতা থেকে সরে গেলে মিসরের সেনাবাহিনী দেশ পরিচালনার দায়িত্ব নেয়। হোসনি মোবারক ২৯ বছর মিসরে একনায়কত্ব কায়েম করেছিলেন। ১৮ দিনের এক গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এপি।