মিসেস জাকারবার্গের সাদামাটা জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যানের বিয়ে নিয়ে আগ্রহের শেষ নেই। তাঁদের বিয়ে, বিবাহিত জীবন নিয়েও মানুষের ব্যাপক কৌতূহল। তবে এ ব্যাপারে একেবারেই নীরব জাকারবার্গ-প্রিসিলা। এরই মধ্যে একটি সূত্র সাংবাদিকদের কাছে তাঁদের বিয়ের খাবারের তালিকাও ফাঁস করে দিয়েছেন। ভোজের সেই তালিকায় ছিল সুসি ও মেক্সিকান খাবার। কিন্তু এত সব কৌতূহল আর আগ্রহের ভিড় থেকে নিজেকে আলাদা করে রাখতেই পছন্দ করেন জাকারবার্গের জীবনসঙ্গিনী প্রিসিলা চ্যান।প্রিসিলা চ্যান সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে সম্প্রতি চিকিত্সা বিদ্যায় স্নাতক পাস করেছেন। ২০০৭ সালে প্রিসিলা হার্ভার্ড থেকে জীববিজ্ঞানে স্নাতক পাস করেন। তারকা হওয়ার কোনো স্বপ্ন নেই তাঁর। তিনি হতে চান একজন শিশুরোগ বিশেষজ্ঞ। প্রিসিলা সাদামাটা জীবনই বেশি পছন্দ করেন। গণমাধ্যমের সামনে অকারণে কথা বলাও তাঁর পছন্দ নয়। ফেসবুক নিয়মিত ব্যবহার করেন প্রিসিলা। তবে প্রিসিলা অনলাইনের কোনো ইভেন্টে সক্রিয়ভাবে অংশ নেন না।প্রিসিলা বিয়েটাকে ব্যক্তিগত বলেই মনে করেন। আর এই বিয়ে নিয়ে খুব বেশি আলোচনাও পছন্দ নয় তাঁর। প্রিসিলার বিয়ের পোশাকের ডিজাইনার মিস প্যাটিবোন বলেন, প্রিসিলার বিয়ের পোশাকটিও খুব বেশি আহামরি নয়। এ ধরনের বিয়ের পোশাক বেশি বিক্রিও হয় না। তবে এটি রুচিসম্মত। পেটিবোন বলেন, রুচিসম্মত হলেও তারকাদের বিয়ের পোশাকের মতো জাঁকজমকপূর্ণ ছিল না প্রিসিলার পোশাক।বিয়ের পর প্রিসিলা ও জাকারবার্গের জীবন কাটছে সাদামাটাভাবেই। তাঁদের ঘনিষ্ঠজনেরা বলেছেন, নবদম্পতি জাঁকজমকপূর্ণ কোনো পার্টির চেয়ে নিজেদের বাড়িতেই রাতের খাবার খেতে বেশি পছন্দ করেন। প্রিসিলা রান্না করতে ও পোষা কুকুর বেস্টকে নিয়ে সময় কাটাতে পছন্দ করেন। বন্ধুমহলে প্রিসিলার হাতের লেমন পিত্জা যথেষ্ট জনপ্রিয়।প্রিসিলা বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন জাকারবার্গকে বিয়ে করেছেন। কিন্তু তিনি এখনো তাঁর সাদাসিধে জীবনেই অভ্যস্ত। বদলাননি নিজেকে। বিয়ের কিছুদিন আগে প্রিসিলা জাকারবার্গের বোন রেন্ডির সঙ্গে কেনাকাটা করছিলেন। একটি দোকানে ৬০০ মার্কিন ডলারের জুতা দেখেন প্রিসিলা। জুতাটি খুব সুন্দর—এমন মন্তব্য করেন প্রিসিলা। এ সময় রেন্ডি বলেন, ‘এই জুতা তুমি কিনতে পারো। তোমার কাছে সেই অর্থ আছে।’ কিন্তু প্রিসিলা জুতাটি দোকানে যথাস্থানে রেখে দেন। শান্তভাবে রেন্ডিকে বলেন, ‘ওটা আমার অর্থ নয়।’ ছোট্ট এই ঘটনা থেকেই বোঝা যায়, জাকারবার্গের জীবনসঙ্গিনী বলেই নয়, নিজের মূল্যবোধ আর ব্যক্তিত্বের কারণেই প্রিসিলা চ্যান অনন্য। দ্য নিউইয়র্ক টাইমস।