মিসৌরি অঙ্গরাজ্যে টর্নেডোয় নিহত ৮৯
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের জপলিন শহরে গতকাল রোববার শক্তিশালী টর্নেডোর আঘাতে কমপক্ষে ৮৯ জন নিহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। মিসৌরির গভর্নর জে নিক্সন পরিস্থিতি মোকাবিলায় শহরে জরুরি অবস্থা জারি করেছেন। তিনি আরও ঝোড়ো আবহাওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন।বিবিসি অনলাইন স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানায়, শহরটি টর্নেডোর সরাসরি আঘাতে ক্ষতিগ্রস্ত এবং শহরের কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।মিসৌরির নিউটন কাউন্টিতে এ ঘটনায় মৃত্যুর কারণ তদন্তকারী কর্মকর্তা মার্ক ব্রিজেস বার্তা সংস্থাকে টেলিফোনে বলেন, গতকালের শক্তিশালী টর্নেডোর আঘাতে কমপক্ষে ৮৯ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।কর্মকর্তারা জানান, টর্নেডোর কারণে শহরের বিদ্যুৎ ও টেলিযোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।গত মাসে আলাবামাসহ সাতটি অঙ্গরাজ্যে টর্নেডোতে কমপক্ষে ৩৫০ ব্যক্তি নিহত হয়েছিল।