মিসৌরিতে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১১৬
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের জপলিন শহরে গত রোববার আঘাত হানা টর্নেডোতে মৃতের সংখ্যা বেড়ে ১১৬ হয়েছে। স্থানীয় কর্মকর্তারা গতকাল সোমবার প্রাণহানির এ সংখ্যা নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ইউরোপ সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনায় দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ওবামা মিসৌরির পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে নজর রাখছেন।চিকিত্সা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত দেড় হাজার আহত লোককে চিকিত্সা দেওয়া হয়েছে। টর্নেডোর আঘাতে সেখানকার বিদ্যুত্ ও টেলিযোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক ঘরবাড়ি ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সংবাদপত্রগুলো পরিস্থিতিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মতো বলে উল্লেখ করেছে। মিসৌরির গভর্নর জে নিক্সন রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আরও ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।