মিস্টার ঢাকার খোঁজ!
পেশিশক্তির প্রদর্শন চলছে। বুকের ছাতি দেখাতেও কেউ কম যাচ্ছেন না। তবে কোনো মারামারির কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে, ‘নো স্মোকিং চতুর্থ ঢাকা মহানগরী শরীর গঠন প্রতিযোগিতা ২০১১’-এর কথা। এ আয়োজনটা ‘মিস্টার ঢাকা’ প্রতিযোগিতা নামেই বেশি পরিচিত।পুরান ঢাকার নারিন্দার ফকির চান কমিউনিটি সেন্টার খেলার মাঠে ২৩ এপ্রিল বসেছিল এবারের আসর। মঞ্চে শারীরিক কসরত দেখিয়ে একজন হয়ে উঠেছেন ‘মিস্টার ঢাকা’। ২০০৭ সালে প্রথমবারের মতো শুরু হয় মিস্টার ঢাকা প্রতিযোগিতা। এ বছর প্রতিযোগিতার চতুর্থ আয়োজনে সহায়তা করে ঢাকা সিটি করপোরেশন ও বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন। এর উদ্যোক্তা মাদকবিরোধী সংগঠন ‘প্রত্যাশা’।সন্ধ্যার একটু আগেই জায়গাটা ভরে ওঠে দর্শনার্থীতে। মূল মঞ্চের পাশে পাতা চেয়ারে বসেছেন কেউ, আবার কেউ বসেছেন মাঠের গ্যালারিতে। দর্শনার্থীদের হইহল্লার মধ্যে মূল মঞ্চে হাজির হন একদল প্রতিযোগী। সবার গায়ে চপচপে তেল। শরীরের সবটুকু গড়ন দেখাতে ব্যস্ত সবাই।মঞ্চে দাঁড়ানো প্রতিযোগীরা তাঁদের ক্রমিক নম্বর অনুযায়ী দাঁড়িয়ে গেলেন। নিজেদের পরিচয় দেওয়ার পর শুরু হলো শরীরের নানা ধরনের কসরত। হাসিমুখে তাঁরা দেখাচ্ছেন হাত, পায়ের পেশি আর বুকের পাটা। প্রতিযোগীদের শারীরিক কসরত দেখে দর্শকেরা বিমোহিত। নিজ নিজ প্রতিযোগীর নাম আর ক্রমিক নম্বর ধরে মুহুর্মুহু চিৎকার করছিলেন তাঁরা।প্রথমবারে চলল দলীয় কসরত। প্রতিযোগিতার এই রাউন্ডে সাতটি সাধারণ কসরত দেখাতে হলো প্রতিযোগীদের। ছিল আলাদা আলাদাভাবে নিজেদের দক্ষতা দেখানোর পর্বও। এরপর আসে সবচেয়ে উপভোগ্য পর্বটি। বাদ্যের তালে তালে প্রত্যেক প্রতিযোগীকে মঞ্চজুড়ে কসরত দেখানোর পালা সেটি। কেউ মঞ্চে হাঁটু গেড়ে বসে পায়ের পেশি দেখাচ্ছেন, আবার কেউ দেখাচ্ছেন হাতের পেশির ঝলকানি। প্রতিযোগীদের তৈরি হতে হয়েছে বছরের পর বছর চর্চা করে। মাস্টার্স শ্রেণীতে চ্যাম্পিয়ন মো. মাসুদুর রহমান জানালেন, ছোটকাল থেকেই তিনি শরীর গঠনে আগ্রহী ছিলেন। অনেক খেটেখুটে নিজের শরীরের একটা পেশিবহুল অবস্থানে এসেছেন। বছরের পর বছর তাঁর শরীরচর্চা চলছে নিয়মিত। ‘নো স্মোকিং চতুর্থ ঢাকা মহানগরী শরীর গঠন প্রতিযোগিতা-২০১১’-এর চূড়ান্ত পর্বে আটটি বিভাগে আটজন মিস্টার ঢাকা বিজয়ী হন। ৫৫ কেজি ওজন শ্রেণীতে স্পিড জিমের মো. সুজন, ৬০ কেজি ওজন শ্রেণীতে হাবীবুল্লাহ সরদার জিমের মো. সাহেদ আলী, ৬৫ কেজি ওজন শ্রেণীতে জান্নাতবাগ জিমের মো. নাহিয়ান হোসেন, ৭০ কেজি ওজন শ্রেণীতে স্পিড জিমের মো. জানে আলম, ৭৫ কেজি ওজন শ্রেণীতে ডায়মন্ড জিমের মো. আমির, ৮০ কেজি ওজন শ্রেণীতে মাসল ম্যানিয়া ফিটনেস ক্লাবের কামরুজ্জামান, ৮০+ ওজন শ্রেণীতে হাবীবুল্লাহ সরদার জিমের মামুনুল করিম আর মাস্টার্স শ্রেণীতে ইন্টার ইউনিট জিমের মো. মাসুদুর রহমান। আর দলগত চ্যাম্পিয়ন পুরস্কার যায় হাবীবুল্লাহ সরদার জিমের ঘরে। হাবীবুল্লাহ সরদার জিমের অর্জন সর্বোচ্চ আটটি পদক।শরীর গঠন প্রতিযোগিতার পুরো আয়োজন নিয়ে সন্তুষ্ট ঢাকার প্রায় সব কটি জিমের প্রশিক্ষক আর কর্মীরা। ধোলাইরপাড়ের স্পিড জিমের প্রশিক্ষক মো. ইলিয়াস বলেন, বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন বছরে একবার এই আয়োজনটুকু করতে পারে। সে ক্ষেত্রে পুরস্কারের মূল্যমান বাড়বে। অন্যদিকে কসাইটুলি আধুনিক ফিজিক্যাল ট্রেনিং সেন্টারের (পিটিসি) প্রতিযোগী মাহমুদ রোমেল জানান, প্রত্যাশার আয়োজনে ক্রেস্ট আর সনদপত্র দেওয়া হয়। অথচ শরীর গঠন করতে প্রতিযোগীদের ব্যয় করতে হয় প্রচুর অর্থ। সেদিক থেকে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন সহজেই প্রাইজমানি দিয়ে আয়োজনটি করতে পারে।আয়োজক প্রতিষ্ঠান প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ জানান, শরীরচর্চার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। শরীরচর্চা শুধু খেলা বা প্রতিযোগিতার বিষয় নয়। নিরোগ আর স্বাস্থ্যবান হতে হলে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই।শরীর গঠন করতে হলে কী কী দরকার? এমন প্রশ্নের জবাবে স্পিড জিমের প্রশিক্ষক মো. ইলিয়াস জানান, নিয়ম মেনে চললে শরীর গঠন অসম্ভব নয়। একটু খেয়াল করলেই শরীর গঠন করা সম্ভব। শরীর গঠনের লাভও আছে। এতে শরীর নিরোগ থাকে।প্রশিক্ষক ইলিয়াস আরও জানান, সকালের নাশতায় রাখতে হবে চারটি রুটি আর দুটি ডিম। দুপুরে স্বাভাবিক খাবার। আর রাতে সাধারণ খাবারের সঙ্গে আধ পোয়া দুধ। এটুকু নিয়মিত চর্চা করলে শরীর নিরোগ এবং স্বাস্থ্যবান হবে। আর যাঁরা শরীরের পেশির সুগঠিত রূপ চান, তাঁদের জন্য দরকার দিনে দুই বেলা শরীরের ব্যায়াম। অবশ্যই সেটা হতে হবে প্রশিক্ষকের নির্দেশমতো।