মিয়ানমার ও চীনের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার ও চীনের সঙ্গে যোগাযোগ স্থাপনের উদ্দেশে রেলপথ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য এক হাজার ৮৫২ কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।প্রকল্পটির আওতায় রয়েছে দুটি পথ। চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে একটি পথ চলে যাবে পর্যটন নগরী কক্সবাজারে। আরেকটি পথ রামু থেকে যাবে মিয়ানমারের সীমান্ত এলাকা গুনদুম পর্যন্ত।আজ মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ট্রান্স এশিয়ান রেলপথের সঙ্গে যুক্ত হতে পারবে বাংলাদেশ। প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং চীন এক হাজার ১৮২ কোটি দেওয়ার কথা রয়েছে।পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি জুলাই মাস থেকে চট্টগ্রামের দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মিয়ানমারের নিকটে গুনদুম পর্যন্ত সিংগেল লাইন মিটারগেজ রেলওয়ে ট্র্যাক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন শুরু হচ্ছে।এ প্রকল্পের আওতায় দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার এবং রামু হতে গুনদুম পর্যন্ত ২৮ কিলোমিটার নতুন রেললাইন স্থাপন এবং ২৬ কিলোমিটার লুপ লাইন স্থাপন করা হবে।সাতকানিয়া, লোহাগাড়া, চকোরিয়া, ডুলাহাজরা, রামু, ঈদগাহ, কক্সবাজার, উখিয়ায় মোট নয়টি নতুন স্টেশন নির্মাণ করা হবে। এ ছাড়া ৪৭টি সেতু, ১৪৯টি কংক্রিট বক্স কালভার্ট, ৫২টি কংক্রিট পাইপ কালভার্ট নির্মাণ করা হবে। প্রকল্পের কাজ শেষ হবে ২০১৪ সালের জুন মাসে।এ ছাড়া গুলশান, বনানী ও বারিধারার লেকগুলো বর্জ্য দূষণমুক্ত ও অবৈধ জমি দখলমুক্ত করতে ৪১০ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্পও অনুমোদন দিয়েছে একনেক।আজকের বৈঠকে মোট চার হাজার ৫৩ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এতে সরকারের অর্থায়ন দুই হাজার ৮৬২ কোটি টাকা আর বিদেশি সহায়তা এক হাজার ১৮২ কোটি টাকা।