মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে নিহত ৭৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার ও থাইল্যান্ডে গতকাল বৃহস্পতিবার এবং আজ শুক্রবার ভূমিকম্প হয়েছে। এ ভূমিকম্পের তীব্রতা ভিয়েতনামের রাজধানী হ্যানয়সহ চীন ও লাওসে অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৮। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এতে মিয়ানমারে ৭৪ জন ও থাইল্যান্ডে একজন নিহত হয়েছে। এ ছাড়া শতাধিক লোক আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স আজ এ তথ্য জানিয়েছে।ভূমিকম্পে উত্তর মিয়ানমারের তাচিলেক শহরে শতাধিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। রাস্তায় ফাটল দেখা গেছে। শহরের একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের সাহায্য ও সেবা প্রদান করতে স্থানীয় স্বেচ্ছাসেবকরো সেখানে ছুটে গেছেন। বেশ কিছু বাড়ি ও সরকারি ভবন ধংস হওয়ায় মিয়ানমারে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। লাওসে রেডক্রসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান বোয়েন্তিন মেনিভিলে বলেন, লাওসের লুয়াং নামথা এবং বুকেও প্রদেশে ভূকম্পন অনুভূত হয়। তবে কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানি খবর জানা যায়নি।থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশ থেকে ১১১ কিলোমিটার উত্তরে পাহাড়ি এলাকা ছিল গতকালের ভূমিকম্পের উত্পত্তিস্থল। ‘গোল্ডেন ট্রাইঙ্গেল’ নামে পরিচিত ওই অঞ্চলে জনবসতি খুবই কম। তবে সেখানে দেয়াল ধসে এক নারী মারা যান।থাইল্যান্ডে দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকার বিভাগের মহাপরিচালক ভিবুল সুয়ানপং জানান, ঘটনার পর আরও বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়। আজকের ভূমিকম্পে থাইল্যান্ডে চারটি প্যাগোডা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু জায়গায় টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চিয়াং রাই প্রদেশের গভর্নর সোমচাই হাটিয়াটানি বলেন, ‘আজ সকাল সাতটার ভূমিকম্পে কোনো অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সেটা আমরা জানার চেষ্টা করছি।’গতকালের ভূমিকম্পের পর ওই এলাকার বড় শহর মি সাইয়ের একটি হাসপাতাল সূত্র জানা যায়, তারা অতিরিক্ত রোগী ভর্তি করছে না। কারণ, হাসপাতালে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।বিগত ১৫ বছরে উত্তর মিয়ানমার ও থাইল্যান্ডে একাধিকবার ৫ থেকে ৭ তীব্রতার ভূমিকম্প হয়েছে। কিন্তু এসব ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল কম।