মিয়ানমার থেকে হলিউডের অভিনেত্রী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের কর্তৃপক্ষ হলিউডের অভিনেত্রী মিশেল যুহিকে সে দেশ থেকে বহিষ্কার করেছে। মিয়ানমারের এক অভিবাসন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছে।দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সু চির জীবনের ওপর ‘দ্য লেডি’ নামে একটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে। ওই চলচ্চিত্রে সু চির চরিত্রে অভিনয় করছেন মালয়েশিয়ায় বংশোদ্ভূত হলিউডের অভিনেত্রী মিশেল যুহি। যুহি জেমস বন্ডের ‘টুমরো নেভার ডাইস’ চলচ্চিত্রে অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেছেন।মিয়ানমারের ওই অভিবাসন কর্মকর্তা জানান, ‘দ্য লেডি’ চলচ্চিত্রের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে গত ২২ জুন ইয়াঙ্গুনে যান মিশেল যুহি। মিয়ানমারে যুহি নিষিদ্ধ—এই অভিযোগ এনে কর্তৃপক্ষ তাঁকে ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাইরে বের হতে দেয়নি। ওই দিনই পরবর্তী ফ্লাইটে যুহিকে মিয়ানমার থেকে বের করে দেওয়া হয়।ছবির শুটিংয়ের জন্য এর আগে যুহি থাইল্যান্ডে, যুক্তরাজ্য ও ফ্রান্সে অবস্থান করেছেন। ‘দ্য লেডি’ চলচ্চিত্রটি আগামী অক্টোবরে মুক্তি পাওয়ার কথা। এই চলচ্চিত্রের ব্যাপারে গত ডিসেম্বরে সু চির সঙ্গে তাঁর ইয়াংগুনের বাসভবনে সাক্ষাত্ করেন যুহি।রয়টার্সের খবরে আরও বলা হয়েছে, অং সাং সু চি ও তাঁর প্রয়াত স্বামী ব্রিটিশ নাগরিক মাইকেল অ্যারিসকে নিয়ে নির্মিত ‘দ্য লেডি’ চলচ্চিত্রটির কাহিনী ভালোবাসার গল্পনির্ভর।১৯৮৯ সালে সু চি যখন গৃহবন্দী হন, তখন তাঁদের দুজনের মধ্যে দীর্ঘ বিচ্ছেদের সৃষ্টি হয়। সু চির সঙ্গে দেখা করার জন্য অ্যারিসকে মিয়ানমার সরকার ভিসা দিতে অস্বীকৃতি জানায়। ১৯৯৭ সালে অ্যারিসের ক্যানসার ধরা পড়ে। সামরিক জান্তা সু চিকে তাঁর স্বামীকে দেখতে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু একবার মিয়ানমার ত্যাগ করলে তাঁকে আর দেশে ফিরতে দেওয়া হবে না—এই আশঙ্কায় সু চি সে সময় মিয়ানমার ত্যাগ করেননি। ১৯৯৯ সালে অ্যারিস মারা যান। এসব বিষয় নিয়েই চলচ্চিত্রের কাহিনীটি রচিত হয়েছে।