মিয়ানমার নিয়ে ওবামার জুয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক জান্তার নিষ্পেষণ আর নোবেল জয়ী নেত্রী অং সান সু চির গণতান্ত্রিক আন্দোলন। বিশ্ববাসীর কাছে আজকের মিয়ানমারের পরিচিতি এমনটাই। তবে ২০১০ সালে নির্বাচনের পর বেসামরিক সরকার গঠনকে গণতন্ত্রের অগ্রযাত্রার পথে নতুন একটি ধাপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দিয়েছেন, আগামী ডিসেম্বর মাসে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিয়ানমার সফর করবেন। দেশটিতে বেসামরিক সরকার গঠনের পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে মিয়ানমারের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। আর হিলারির এ সফর হবে ৫০ বছরের মধ্যে কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।মিয়ানমারে হিলারির সফরকে বিশেষজ্ঞরা দুই ভাবে দেখছেন। প্রথমত, মিয়ানমারের সবচেয়ে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক বন্ধু হলো চীন। আর মার্কিনের সঙ্গে মিয়ানমারের এ সম্পর্ক স্থাপন কিছুটা হলেও চীনের বলয় থেকে মিয়ানমারকে বের করে আনার চেষ্টা। আর দ্বিতীয়টি হলো, সামরিক জান্তার বলয় থেকে ধীরে ধীরে দেশটিকে গণতন্ত্রের পথে ফেরানো। তবে এটিকে মার্কিন প্রেসিডেন্ট ওবামার জুয়া খেলা হিসেবে দেখছেন অনেকে।তবে মিয়ানমারে মার্কিন পরামর্শক প্রতিষ্ঠানের প্রধান আং ডিন হিলারির এ সফরকে স্বাগত জানালেও আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘মিয়ানমারে এ সংস্কার ভঙ্গুর এবং অসম্পূর্ণ হবে।’ কারণ হিসেবে আং ডিন রয়টার্সকে বলেন, ‘রাজনৈতিক নেতাদের ছেড়ে দেওয়া যদি অব্যাহত না থাকে, তবে পরিবর্তনের যে আশা দেখা যাচ্ছে—তা ঝুঁকির মধ্যে পড়বে।’মিয়ানমার সম্পর্কে বিশেষজ্ঞ জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ডেভিড স্টেইনবার্গ বলেছেন, ‘সামরিক শাসনের আগে মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে ধনী দেশ ছিল। কিন্তু জান্তা দেশটির শাসন গ্রহণের পর মিয়ানমার ধ্বংসের দিকে এগিয়ে গেছে।’ ‘মিয়ানমারের নতুন সরকার কিছু সংস্কারকাজ শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এ সংস্কারকে এগিয়ে নিতে আরও সাহায্য করতে পারে।’ বলেন ডেভিড স্টেইনবার্গ। হিলারি এ সফরের পরে অং সান সু চির প্রতি মার্কিন সমর্থন আরও বাড়বে বলে ধরে নেওয়া হচ্ছে। আর আসন্ন উপনির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি অংশ নিতে চাওয়া মিয়ানমারের সংস্কারের কাজে সাহায্যরই নামান্তর। এর মধ্যে দিয়ে সু চির দল দেশটির বিরোধী দলের মর্যাদা পাবে।গত সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের ২০১৪ সালের সভাপতি নির্বাচিত হয়েছে মিয়ানমার। এর পরই ওবামা ও হিলারি মিয়ানমারের নেতাদের জোর দিয়ে বলেছেন, মিয়ানমারে আরও সংস্কার করতে হবে এবং রাজনৈতিক ও আদিবাসী বন্দী নেতাদের মুক্তি দিতে হবে।আগামী ১ ডিসেম্বর মিয়ানমার সফরে যাচ্ছেন হিলারি। সফরের আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘দেশটি সফরের অন্যতম একটি কারণ হলো—রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারে মিয়ানমারের দেওয়া পদক্ষেপগুলোর কী অবস্থা, তা দেখা।’ মিয়ানমারের সাবেক কূটনৈতিক প্রিসিলা ক্লাপ বলেন, ‘হিলারির এ সফরের অন্যতম উদ্দেশ্য, মিয়ানমার সামরিক শাসনের নিয়ন্ত্রণ থেকে কতটুকু বেরিয়ে আসতে পারবে তা দেখা।’দক্ষিণ-পূর্ব এশিয়া প্রোগ্রামের পরিচালক আর্নেস্ট ব্রাউয়ার বলেছেন, ‘প্রায় সাড়ে পাঁচ কোটি জনসংখ্যার মিয়ানমারে রয়েছে প্রচুর পরিমাণে গ্যাস ও প্রাকৃতিক সম্পদ। এতে এ দেশে মার্কিন ব্যবসা-বাণিজ্যের পথ খুলে যেতে পারে।’ রয়টার্স।