মিয়ানমার নৌবাহিনীর গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মৌলভীরশীলে গতকাল শুক্রবার বিকেলে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জেলে। আহত জেলেরা জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে মিয়ানমার নৌবাহিনীর দুটি ট্রলার হঠাত্ করেই বাংলাদেশের জলসীমা অতিক্রম করে। তারা বাংলাদেশি জেলেদের তিনটি ট্রলারকে লক্ষ্য করে বেপরোয়া গুলিবর্ষণ করতে থাকে। একপর্যায়ে তারা, অস্ত্রের মুখে দুটি মাছ ধরার ট্রলার থেকে মাছ, জাল, মুঠোফোন ও তেল লুট করে নিয়ে যায়। এরপর প্রায় তিন ঘণ্টা আটকে রেখে জেলেদের মারধর করে তারা। পরে, রাত আটটার দিকে জেলেদের ছেড়ে দেওয়া হয়। রাত ১১টায় দিকে জেলেরা ট্রলার নিয়ে শাহপরীর দ্বীপ ঘাটে পৌঁছালে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় দুই জেলেসহ আহত জেলেদের উদ্ধার করে। চিকিত্সার জন্য প্রথমে তাঁদের টেকনাফ হাসপাতালে নেওয়া হয়। পরে, উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিত্সক টিটু চন্দ্র শীল জানান, গুলিবিদ্ধ দুই জেলের অবস্থা আশঙ্কাজনক।এদিকে, আজ শনিবার দুপুর ১২টার দিকে একই এলাকায় মাছ ধরার সময় ২৪ জেলেসহ আরও তিনটি ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা। এরপর ট্রলার মালিকদের ফোন করে ট্রলারপ্রতি পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায় করে তারা। শাহপরীর দ্বীপ ঘাটের দক্ষিণপাড়ার ট্রলার মালিক নুরুল বশর, জাফর আলম ও আবদুর রশিদ প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মুক্তিপণ দিয়ে হলেও জেলেসহ ট্রলার তিনটিকে উদ্ধার করবে বলে জানিয়েছেন তাঁরা।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলো অনলাইনকে বলেন, তাঁরা বিষয়টি শুনেছেন। আগামী পতাকা বৈঠকে এ ব্যাপারে নাসাকা বাহিনীকে জোরালো প্রতিবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি।এদিকে, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, এ ব্যাপারে থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি।সাবরাং ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান জানান, বিগত তিন বছরে নাসাকা ও নৌবাহিনীর গুলিতে পাঁচ বাংলাদেশি জেলে নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও দুই শতাধিক জেলে।