মিয়ানমার পরমাণু অস্ত্র কর্মসূচির কথা অস্বীকার করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার পরমাণু অস্ত্র কর্মসূচি প্রণয়ন করছে বলে যে সংবাদ প্রচারিত হয়েছে তা অস্বীকার করেছে সে দেশের সরকার। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিদেশি গণমাধ্যমগুলোতে এ ধরনের কর্মসূচির সংবাদ প্রকাশ করা ছিল ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।বিবিসি অনলাইন জানায়, এসব প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মার্কিন সিনেটর জিম ওয়েব মিয়ানমারে তাঁর এক পরিকল্পিত সফর বাতিল করেছেন।নরওয়ে-ভিত্তিক ডেমোক্রেটিক ভয়েস অব বার্মা (ডিভিবি) মিয়ানমার থেকে পালিয়ে আসা এক সামরিক কর্মকর্তা মিয়ানমারের পরমাণু পরিকল্পনার ওপর যে তথ্য দিয়েছেন তার ভিত্তিতে নির্মিত একটি তথ্যচিত্র প্রচার করে। তথ্যচিত্রতে মেজর সাই থেইন উইন বলেন, তিনি মিয়ানমারের সামরিক বাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং ইউনিটে কাজ করতেন। ইউনিটটি সামরিক স্থাপনায় একটি পারমাণবিক চুল্লি ও রকেট ইঞ্জিনের যন্ত্রাংশ নির্মাণ করায় নিয়োজিত। তবে মিয়ানমার বলছে, সাই থেইন উইন রাশিয়ানদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছে, কিন্তু তিনি কোনো মেজর নন এবং তিনি গত ফেব্রুয়ারি মাসে সেনাবাহিনী থেকে পালিয়ে যান।মিয়ানমার সরকার জানায়, পরমাণু অস্ত্রবিষয়ক তথ্যগুলো একজন পলাতক ও দেশদ্রোহীর দেওয়া। তার এসব অভিযোগ ‘ভিত্তিহীন’।অন্যদিকে বিশেষজ্ঞরা সাম্প্রতিক মাসগুলোয় এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন, পরমাণু প্রযুক্তি আয়ত্ত করার জন্য মিয়ানমার উত্তর কোরিয়ার সঙ্গে সহযোগিতা করে আসছে। তবে মিয়ানমার সরকার এ অভিযোগও অস্বীকার করে বলছে, গত এপ্রিলে উত্তর কোরিয়ার একটি জাহাজ মিয়ানমার বন্দরে ভেড়ানোর বিষয়টি পূর্বনির্ধারিত ছিল। জাহাজটি চাল ও সিমেন্ট পরিবহন করছিল, কোনো পারমাণবিক যন্ত্রাংশ নয়। তবে দেশটি এর আগে ১০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক চুল্লি স্থাপনের জন্য রাশিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের বিষয়টি স্বীকার করে।যদি এটা প্রমাণিত হয় যে মিয়ানমার পারমাণবিক অস্ত্র-সম্পর্কিত গবেষণা চালাচ্ছে, তবে তার ওপর জাতিসংঘের অবরোধ আরোপ করা হতে পারে।মিয়ানমার পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর করেছে এবং দেশটি ইন্টারন্যাশনাল এটোমিক এনার্জি এজেন্সিরও সদস্য।