মিয়ানমার সফরে যাচ্ছেন ওবামা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ১৯ নভেম্বর মিয়ানমার সফরে যাচ্ছেন। মিয়ানমারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। তবে মিয়ানমার বা যুক্তরাষ্ট্র—কোনো পক্ষের সরকারই সফরের বিষয়টি নিশ্চিত করেনি। নাম প্রকাশ না করার শর্তে মিয়ানমারের ওই কর্মকর্তা বলেন, ‘আমি যত দূর জানি, ১৯ নভেম্বর মিয়ানমার সফরে আসছেন ওবামা। এ সফরের সময় তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সুচির সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।’ এ খবর সত্য হলে তা হবে ক্ষমতাসীন কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম মিয়ানমার সফর। গণতন্ত্রে ফেরার লক্ষ্যে নানা সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে মিয়ানমার। বেশ কিছু পদক্ষেপ এরই মধ্যে বাস্তবায়ন করেছে তারা। এ পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিয়ানমার সফর করেছেন। দেশটির ওপর থেকে মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিষ্ঠান মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার হাত বাড়াচ্ছে। ওবামার সফর মিয়ানমারের সংস্কার কর্মসূচির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনকে আরও জোরালো করবে।