সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে অনিশ্চয়তা কাটবে
মিয়ানমার সমদূরত্ব, ন্যায্যতা নীতিতে সীমা নির্ধারণে রাজি
সমদূরত্ব ও ন্যায্যতা—এই দুই নীতি সমন্বয়ের মাধ্যমে সমুদ্রসীমা নির্ধারণে রাজি হয়েছে মিয়ানমার। এতে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি দ্রুততর হবে বলে আশা করছে বাংলাদেশ। পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল শনিবার তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর ফলে গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ১৭টি ব্লক নিয়ে অনিশ্চয়তা দূর হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মিজারুল কায়েস জানান, সম্প্রতি চট্টগ্রামে দুই দেশের কারিগরি পর্যায়ের বৈঠকে বাংলাদেশের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণে শুধু সমদূরত্ব নয়, ন্যায্যতা নীতি অনুসরণে সম্মত হয় মিয়ানমার। ফলে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে মিয়ানমার শেষ পর্যন্ত জাতিসংঘের সমুদ্রসীমা আইনসংক্রান্ত সনদের (আনক্লস) ধারা অনুযায়ী, ন্যায্যতা নীতি অনুসরণে বাংলাদেশের দাবি মেনে নিয়েছে। ৮ ও ৯ জানুয়ারি এ বৈঠক হয়।মিয়ানমার এর আগে সমদূরত্ব নীতিতে আর বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে সমুদ্রসীমা নির্ধারণের ওপর জোর দিয়েছিল। ফলে দুই দেশের মধ্যে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে অচলাবস্থা সৃষ্টি হয়। এ প্রেক্ষাপটে বাংলাদেশ গত বছরের অক্টোবরে বিষয়টি সুরাহার জন্য জাতিসংঘের সালিস আদালতে যায়। ওই সময় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, আইন অনুযায়ী আলোচনার পাশাপাশি জাতিসংঘের সালিস আদালতে বিষয়টি সুরাহার চেষ্টা অব্যাহত থাকবে।পররাষ্ট্রসচিব বলেন, ‘এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। বাংলাদেশ ও মিয়ানমারের এ সিদ্ধান্তের ফলে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির জন্য জাতিসংঘের সালিস আদালতে বাংলাদেশের এখন আর আইন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজন হবে না। বিরোধ নিষ্পত্তি এখন জাতিসংঘের সালিস আদালতের পরিবর্তে এখন সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের (আইটিএলওএস) মাধ্যমে নিষ্পন্ন করা হবে। মিয়ানমারের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এ পদক্ষেপ নিয়েছে।এক প্রশ্নের জবাবে মিজারুল কায়েস জানান, ভারতের সঙ্গে বিরোধ নিষ্পত্তির জন্য জাতিসংঘের সালিস আদালতে যাওয়ার প্রক্রিয়া বন্ধ হয়নি। পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশ দুই প্রতিবেশী দেশের সঙ্গে আইনি লড়াইয়ের সঙ্গে সঙ্গে আলোচনাও অব্যাহত রাখবে।অতিরিক্ত পররাষ্ট্রসচিব কমোডর (অব.) মো. খুরশীদ আলম বলেন, এই অগ্রগতির ফলে নিজস্ব সমুদ্রসীমা থেকে ২০০ মাইলের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল এবং ৩৫০ মাইলের মহীসোপান নির্ধারণের পথ সুগম হচ্ছে।এতে মিয়ানমার সমদূরত্ব পদ্ধতিতে তাদের উপকূল সীমানা থেকে ১২ নটিক্যাল মাইল থেকে সর্বোচ্চ ২৪ নটিক্যাল মাইল নিজস্ব সমুদ্রসীমা নির্ধারণ করবে। আর বিশেষ অর্থনৈতিক এলাকা এর ২০০ নটিক্যাল মাইল নির্ধারণে তারা ন্যায্যতা নীতি মেনে নেবে। এতে ২৪ মাইলের বাইরে ১৭৬ মাইল সমুদ্র এলাকা দুই দেশের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে ভাগ করা হবে।