মিয়ানমারকে উন্নয়ন-সহায়তার প্রস্তাব দিল ইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারকে উন্নয়ন-সহায়তা হিসেবে ১০ কোটি ডলারের বেশি আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থার নির্বাহী পরিষদ ইউরোপীয় কমিশনের প্রধান হোসে ম্যানুয়েল বেরুসো মিয়ানমারের রাজধানী নেপিডোতে প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে সাক্ষাত্ করে এ প্রস্তাব দেন। আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।কয়েক দশক ধরে চলা অর্থনৈতিক অবরোধ সম্প্রতি তুলে নেওয়ার পর থেইন সেইন ও ম্যানুয়েল বেরুসোর এ বৈঠকে বাণিজ্য বাড়ানোর নানা পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বেরুসো মিয়ানমারের গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় নেতা অং সান সু চির সঙ্গেও বৈঠক করেছেন। বিদেশি প্রতিষ্ঠানকে মিয়ানমারে বিনিয়োগে আকৃষ্ট করতে সরকার সম্প্রতি নতুন একটি বিদেশি বিনিয়োগ আইনের বিস্তারিত প্রকাশ করেছে। সামরিক জান্তার বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে ইইউর দেশগুলো মিয়ানমারে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছিল। তখন মিয়ানমারের জন্য বরাদ্দ বাণিজ্য-সহায়তা এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ভাগ হয়ে যেত।গত বছর সেনাসমর্থিত সরকার সংস্কার কার্যক্রম শুরু করার পর যেসব পশ্চিমা দায়িত্বশীল কর্মকর্তা মিয়ানমার সফর করেছেন, তাঁদের মধ্যে হোসে ম্যানুয়েল বেরুসো সর্বশেষ ব্যক্তি। নিম্ন আয়ের দেশকে ইইউ যেসব বাণিজ্যসুবিধা দিয়ে থাকে, মিয়ানমারও সেসব পাবে বলে আশা করা হচ্ছে। সরকার ও সংখ্যালঘু নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে চলমান সংঘাত নিরসনে মিয়ানমারে একটি ‘শান্তিকেন্দ্র’ স্থাপনে অর্থায়ন করবে ইইউ।সু চির সঙ্গে বেরুসোর বৈঠকে রোহিঙ্গা বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের পর এ ব্যাপারে কিছু বলতে অনীহা প্রকাশ করেন সু চি। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা গোষ্ঠীর ওপর নিপীড়নের বিষয়ে আন্তর্জাতিক গোষ্ঠী উদ্বিগ্ন হলেও সু চি বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন। সাম্প্রতিক সময়ে নতুন করে ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা ও বৌদ্ধধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে সহিংসতায় অন্তত এক লাখ মানুষ গৃহহীন হয়েছে। গত সপ্তাহের সাম্প্রদায়িক সহিংসতায় ৯০ জনের মতো মানুষ প্রাণ হারিয়েছে। প্রেসিডেন্ট থেইন সেইন এর আগে রোহিঙ্গাদের প্রতি দৃষ্টিভঙ্গি অবশ্যই পরিবর্তন করা উচিত বলে মন্তব্য করেছিলেন।