মিয়ানমারকে সেনা মহড়ায় আমন্ত্রণ
মিয়ানমারের সেনাবাহিনীকে একটি যৌথ সামরিক মহড়ায় আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ‘কোবরা গোল্ড’ নামের এই যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে থাইল্যান্ডসহ এশিয়ার আরও কয়েকটি দেশের সেনারা অংশ নেবেন বলে আজ শুক্রবার রয়টার্সের খবরে জানানো হয়।দেশের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে। এ বিষয়ে মানবিক সংলাপের অংশ হিসেবে ধরা হচ্ছে মহড়ায় যোগ দেওয়ার এই আমন্ত্রণকে। একই সঙ্গে পশ্চিমা বিশ্বের সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর সম্পর্ক স্থাপনের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এটাই এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সামরিক মহড়া হবে বলে দাবি করা হচ্ছে। মহড়ায় অংশগ্রহণে ইচ্ছুক বিভিন্ন দেশের কর্মকর্তারা রয়টার্সকে জানান, মিয়ানমারকে কোবরা গোল্ড পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হয়েছে। কোবরা গোল্ডের অধীনে ১০ হাজারেরও বেশি মার্কিন ও থাই সেনা যোগ দেবেন। তাঁদের সঙ্গে বার্ষিক যৌথ মহড়ায় অংশ নিতে যোগ দিয়েছেন এশিয়ার অন্যান্য দেশের সেনা কর্মকর্তারাও। এই মহড়ার সহযোগী আয়োজক দেশ থাইল্যান্ডের জোর তত্পরতার কারণে মিয়ানমারকে এ আমন্ত্রণ জানানো হয় বলে সূত্র জানায়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পূর্বে চন বুরি প্রদেশে কোবরা গোল্ড মহড়া চলবে। ভিয়েতনাম যুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্র এখানে সেনা সদস্যদের বড় ধরনের মহড়ার আয়োজন করে আসছে। ১৯৮০ সাল থেকে এটি শুরু হয়। সিঙ্গাপুরে ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের সিনিয়র ফেলো ও মিয়ানমারের সেনাবাহিনী বিষয়ে বিশেষজ্ঞ তিন মং মং থান বলেন, ‘এই আমন্ত্রণের বিশেষ তাত্পর্য রয়েছে। কোবরা গোল্ড নিয়ে অতীতে মিয়ানমারের দৃষ্টিভঙ্গি বরাবরই নেতিবাচক ছিল। তারা মনে করে আসছে, এই মহড়া সরাসরি তাদের বিরুদ্ধেই। তাদের কাছে এটি আগ্রাসন চালানোর মতো একটি পদক্ষেপ বলে বিবেচিত হয়ে আসছে।’ সূত্র জানায়, মিয়ানমারে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর ওপর সামরিক নির্যাতন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করার গুরুতর অভিযোগ রয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে। এ বিষয়ে মানবিক সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে মিয়ানমারের সামরিক বাহিনীকে সতর্কতার সঙ্গে সংযুক্ত করতে মহড়ার এই আমন্ত্রণ জানানো হবে। এই আমন্ত্রণকে ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো দুই দেশের সামরিক বন্ধন জোরালো করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ওই বছর মিয়ানমারে গণতন্ত্রপন্থী আন্দোলনে সামরিক জান্তা সরকার নির্বিচারে গুলি চালায়। নিহত হয় সহস্রাধিক মানুষ। গৃহবন্দী করা হয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে। এরপরই যুক্তরাষ্ট্র মিয়ানমারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। মহড়ায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানোর অংশ হিসেবে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকারবিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা মাইকেল পোসনানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মিয়ানমারে যাবে। তাঁদের সঙ্গে আলোচনায় বসতে মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রতিরক্ষাবিষয়ক উপমন্ত্রী কমোডোর অং থো।