মিয়ানমারে ওআইসির অফিস স্থাপনের প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের মধ্যে ত্রাণতত্পরতা চালানোর জন্য ইসলামি সহায়তা সংস্থা (ওআইসি) মিয়ানমারে কার্যালয় স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিরোধিতা করে আজ সোমবার লাখ লাখ বৌদ্ধ ভিক্ষু ওই দেশের প্রধান দুই শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছে।রয়টার্সের খবরে বলা হয়, ৫৭টি মুসলিমপ্রধান রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত ওআইসি সম্প্রতি মিয়ানমারের দাঙ্গাপ্রবণ রাখাইন প্রদেশে একটি লিয়াজোঁ অফিস স্থাপনের সিদ্ধান্ত নেয়। ওই প্রদেশে গত জুন মাসে সংখ্যাগুরু রাখাইন ও সংখ্যালঘু রোহিঙ্গাদের মধ্যে দাঙ্গায় কয়েক শ মানুষ মারা যায় এবং উদ্বাস্তু হয় হাজার হাজার রোহিঙ্গা। বৌদ্ধ ভিক্ষুরা ওআইসির সিদ্ধান্তের নিন্দা জানান। ভিক্ষুদের সভা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট থেইন সেইনের কার্যালয় থেকে জানানো হয়, মিয়ানমারে ওআইসির কোনো প্রতিনিধিকে প্রবেশাধিকার দেওয়া হবে না।প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘সরকার ওআইসিকে কার্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেবে না; কারণ, এটি গণমানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কিত নয়।’ইয়াঙ্গুন ও মান্দালেই শহরে ভিক্ষুদের মিছিলে হাজার হাজার সাধারণ মানুষও যোগ দেয়। প্রতিবাদকারীরা বর্মি ভাষায় ‘বেরিয়ে যাও ওআইসি’ এবং ‘ওআইসি পরিত্যাজ্য’ লেখা প্ল্যাকার্ড হাতে মিছিলে যোগ দেয়। সমাবেশে পিন নিয়ার নন্দ নামের এক ভিক্ষু বলেন, ‘ওআইসি আসছে বাঙালিদের (রোহিঙ্গা) জন্য, আমাদের জন্য নয়।’জাতিগোষ্ঠীর দিক দিয়ে এশিয়ার অন্যতম প্রধান বৈচিত্র্যপূর্ণ দেশ মিয়ানমার। কিন্তু কয়েক দশকে জাতিগত ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে রেষারেষি ও দাঙ্গার কারণে দেশটির শান্তিপূর্ণ পরিবেশ লুপ্ত হওয়ার পথে। উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশের প্রায় আট লাখ আদিবাসী রোহিঙ্গার বাস। তাদের অবস্থা এখন খুবই নাজুক ও শোচনীয়।গত মাসে ওআইসির একটি প্রতিনিধিদল রাখাইন প্রদেশ সফরে যায় এবং রোহিঙ্গাদের অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করে। জাতিসংঘও রোহিঙ্গাদের সম্পর্কে এক প্রতিবেদনে বলেছে, তারা ‘কার্যত বন্ধুহীন’। গত আগস্ট মাসে নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়, টানা কয়েক সপ্তাহের সংঘর্ষের সময় রাষ্ট্রের প্রত্যক্ষ মদদে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও তাদের প্রতি বৈষম্যের প্রমাণ আছে সংগঠনটির হাতে। তবে মিয়ানমার সরকার এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে।সংঘর্ষের সময় সব রাজনৈতিক মহল থেকে তা বন্ধের আহ্বান জানানো হলেও মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি নীরবতা পালন করেন। এ কারণে দেশে-বিদেশে বিরূপ সমালোচনার সম্মুখীন হতে হয় সু চিকে। সু চি মিয়ানমারের সবচেয়ে বড় জাতিগোষ্ঠী বর্মিদের অধিকারের জন্য লড়ছেন।