মিয়ানমারে পার্লামেন্ট অধিবেশনে যোগ দেননি সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে আজ সোমবার পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে। দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নবনির্বাচিত সদস্যরা এ অধিবেশনে যোগ দেননি। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। দলটির আবেদন অনুযায়ী শপথ বাক্যে সংবিধান প্রসঙ্গে ‘সুরক্ষা (সেফগার্ড)’ শব্দের বদলে ‘সম্মান (রেসপেক্ট)’ শব্দ না দেওয়ায় অধিবেশনে যোগ দেয়নি এনএলডি। ১ এপ্রিল অনুষ্ঠিত মোট ৪৫টি আসনের উপনির্বাচনে ৪৩ আসনে জয়লাভ করে এনএলডি। নির্বাচনে সু চিও একটি আসনে জয়ী হন। ওই উপনির্বাচনের পর এটাই প্রথম পার্লামেন্ট অধিবেশন। বর্তমান সংস্কারপন্থী সরকারের সঙ্গে এনএলডির এটাই প্রথম বড় ধরনের মতানৈক্যের ঘটনা। সু চি ইয়াঙ্গুনে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর বলেছেন, ‘আমরা অধিবেশন একেবারেই বর্জন করছি না। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি।’এনএলডি শপথবাক্যে ‘সুরক্ষা’র শব্দে পরিবর্তে ‘সম্মান’ শব্দটি ব্যবহারের দাবিতে একটি চিঠি দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন বরাবরে পাঠিয়েছে।