মিয়ানমারে প্রথম পূর্ণমন্ত্রীর পদে নারী
মিয়ানমার সরকার প্রথমবারের মতো একজন নারীকে পূর্ণমন্ত্রীর পদে নিয়োগ দিয়েছে। তিনি পেশায় একজন চিকিত্সক। গতকাল শুক্রবার একটি বার্তা সংস্থার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন তাঁর দাপ্তরিক ওয়েবসাইটে জানান, চিকিত্সক মিয়াত মিয়াত ওহন খিনকে সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত মাসে মিয়ানমারের মন্ত্রিসভা পুনর্গঠনের পর কয়েকটি পদ শূন্য হয়। ওই শূন্য পদ পূরণে ১০ জন নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীদের মধ্যে খিন অন্যতম।মিয়ানমারের মন্ত্রিসভায় উপমন্ত্রীর পদে নারীরা আছেন। তবে এই প্রথম কোনো নারীকে পূর্ণমন্ত্রীর পদ দেওয়া হলো। নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীদের মধ্যে চারজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। এই নিয়ে দেশটির ৩৬ সদস্যের মন্ত্রিসভায় বেসামরিক ব্যক্তির সংখ্যা এক-চতুর্থাংশ হলো। দীর্ঘ কয়েক দশকের সামরিক শাসনের পর মিয়ানমারের জান্তা-সমর্থিত বর্তমান সরকার ২০১০ সাল থেকে দেশটিতে গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম শুরু করেছে।