মিয়ানমারে বাড়ছে আফিম চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বাড়ছে আফিমের চাষ। এটি নির্মূল করার প্রচেষ্টা সত্ত্বেও মিয়ানমারে ষষ্ঠ বছরের মতো এবারও বেড়েছে আফিমের উত্পাদন। জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের (ইউএনওডিসি) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছর আফিম উত্পাদনে ব্যবহূত জমি বেড়েছে ১৭ শতাংশ। এতে জমির পরিমাণ ৪০ হাজার হেক্টর থেকে বেড়ে ৫১ হাজার হেক্টরে উন্নীত হয়েছে। মিয়ানমারের সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে ২৪ হাজার হেক্টর পপিখেত ধ্বংস করা হয়েছে। গত বছরের তুলনায় এ হার চার গুণ বেশি। ইউএনওডিসির দক্ষিণ এশীয় প্রতিনিধি গ্যারি লুইস বলেন, মাঠপর্যায়ের পরিস্থিতি খুবই জটিল। আফিম উত্পাদিত হয় এমন এলাকাগুলো অস্ত্র, অর্থ আর মাদকের বিষে আক্রান্ত।ওই সব এলাকায় নিজেদের সুবিধার্থে প্রায়ই আফিম চাষের সুযোগ করে দেয় সেনাবাহিনী ও বিদ্রোহী যোদ্ধারা। অথচ কৃষকেরা আফিম চাষে রাজি নন। তাঁরা এরই মধ্যে জানিয়েছেন, বাধ্য হয়েই তাঁরা আফিমের চাষ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার আফিম জরিপ ২০১২ অনুযায়ী ওই প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে বিশ্বের ২৫ শতাংশ আফিম উত্পাদিত হয়। এর বেশির ভাগই হেরোইন উত্পাদনে ব্যবহূত হয়। বাকি অংশ চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের বাজারে বিক্রি হয়। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে আফিম উত্পাদনের হার বাড়ার অন্যতম কারণ এশিয়ায় হেরোইনের চাহিদা বৃদ্ধি। তবে মিয়ানমারের জন্য ভালো খবর হলো, এখন তা সমাধানের সময় এসেছে। এ ধরনের সমস্যা সমাধানে প্রেসিডেন্ট থেইন সেইনের সরকারের মনোভাবও ইতিবাচক।বিশ্বে আফিম উত্পাদনে শীর্ষে আফগানিস্তান। দ্বিতীয় অবস্থানে মিয়ানমার; এখানে উত্পাদিত আফিমের বেশির ভাগই চাষ হয় শান ও কোচিন প্রদেশে। এই দুই প্রদেশে সামরিক বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে। বিবিসি, আল জাজিরা।