মিয়ানমারে বিজিবি-নাসাকার বৈঠক অনুষ্ঠিত
মিয়ানমারের নাসাকা বাহিনীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত মিয়ানমারে মংডু টাউনশিপের নাসাকা বাহিনীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ১৪ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বিজিবির চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহিদুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান ও উপ-অধিনায়ক মেজর মঞ্জুর-এ-হুদা, কক্সবাজার ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামানসহ প্রমুখ।অন্যদিকে নাসাকার ১৫ সদস্যের মধ্যে ৬ নম্বর সেক্টরের পরিচালক অং জুয়ে, সিনিয়র সহকারী উপপরিচালক ইউ থান জিনও, ডেপুটি ডাইরেক্টর ইউ নাই মিউ, ইউ সেন উইনসহ প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।লে. কর্নেল জাহিদ হাসান প্রথম আলোকে জানান, বৈঠকে দুই দেশের সীমান্ত পর্যায়ের যৌথ জরিপ, সীমান্তবাণিজ্য গতিশীল, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া উভয় দেশের কারাগারে সাজা শেষ হওয়া নাগরিকদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন সময়ে বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে মাছ শিকারের সময় ট্রলারসহ জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়।বিজিবি-নাসাকা যৌথ চোরাচালান বিরোধী টহলের ওপর একটি প্রস্তাব করা হয়েছে বলে লে. কর্নেল জাহিদ হাসান জানান।