মিয়ানমারে ভূমিকম্পে নিহত ৫
মিয়ানমারের মান্দালেই প্রদেশে আজ রোববার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রয়টার্স বলছে, হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি না হলেও কর্তৃপক্ষ পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে এখনো অনেক নির্মাণশ্রমিক নিখোঁজ। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ বিভাগ বলছে, ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি মান্দালেই থেকে ৬০ কিলোমিটার দূরের একটি স্থানে। ভূপৃষ্ঠ থেকে উত্পত্তিস্থলটি মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। একজন মান্দালেইবাসী টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘আমি এর আগে এত শক্তিশালী ভূমিকম্প দেখিনি। কিছু বিকট শব্দ শুনলাম, এরপর বিদ্যুত্ চলে গেল। ক্ষয়ক্ষতি কী হয়েছে, তা এখনো বলতে পারছি না।’প্রথম ভূকম্পনের পর আরও বেশ কয়েকবার ভূকম্পন হয়েছে, তবে বড় ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও ভূকম্পন অনুভূত হয়েছে। মান্দালেইয়ের আবহাওয়া দপ্তরের একজন কর্মকর্তা জানান, ভূকম্পন বিন্দুটির অবস্থান ছিল শিউবো শহরের কাছাকাছি এবং স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে সেটি আঘাত হানে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, কিয়াউক মায়উং ও সিঙ্গু শহরের মধ্যবর্তী ইরাওয়াদ্দি নদীর ওপর অর্ধনির্মিত একটি সেতু ধসে গেছে। শিউবো শহরের এক পুলিশ কর্মকর্তা জানান, কিয়াউক মায়উং শহরে এক নারী মারা গেছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। তিনি বলেন, ‘শহরে একটি বাড়ি ধসে গেছে। নির্মীয়মাণ রাদানা থিংগা সেতুটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুটি থেকে ইস্পাতের তৈরি একটি বিরাট দণ্ড নদীতে পড়ে যায় এবং সেখানকার পাঁচজন শ্রমিক এখনো নিখোঁজ।’ সিঙ্গু থেকে এক পুলিশ কর্মকর্তা জানান, সেখানে চারজন মারা গেছে এবং আহত হয়েছে নয়জন। তিনি বলেন, ‘আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর নয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা হচ্ছে।’