মিয়ানমারে ভোট গ্রহণ সম্পন্ন
অবশেষে কড়া নিরাপত্তা-ব্যবস্থার মধ্য দিয়ে মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দীর্ঘ দুই দশক পর অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচন আজ রোববার সকাল থেকে শুরু হয়ে প্রায় ১০ ঘণ্টাব্যাপী চলে। এ নির্বাচনে সামরিক জান্তা-সমর্থিত প্রার্থীরা অধিকাংশ আসনে জয়ী হবেন বলে মনে করা হচ্ছে। খবর বিবিসি অনলাইনের। মিয়ানমারের নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত মোট ৩৭টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়। তবে মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সাং সু চি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি এ নির্বাচন বয়কট করে। দেশটির সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রায় ছয় কোটি জনসংখ্যা অধ্যুষিত দেশটির দুই কোটি ৯০ লাখ ভোটার এ নির্বাচনে ভোট দিয়েছেন। দেশব্যাপী ৪০ হাজার কেন্দ্রে মিয়ানমারের দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের সব আসনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৭টি রাজনৈতিক দলের প্রায় তিন হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এই প্রার্থীদের মধ্যে দুই-তৃতীয়াংশই সামরিক জান্তা-সমর্থিত দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা বলেছে, এ নির্বাচন গণতান্ত্রিক শাসনে ফেরার পথ উন্মুক্ত করবে।তবে সমালোচকেরা বলছেন, এটা প্রহসন ছাড়া আর কিছুই না। ইতিমধ্যে ভোটারদের নানা পর্যায়ে জোর করে ভোট দিতে বাধ্য করারও অভিযোগ এসেছে। অন্যদিকে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রগুলো পরিদর্শনের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, এ নির্বাচন সামরিক জান্তার ক্ষমতার অপব্যবহারের বহিঃপ্রকাশ।