মিয়ানমারে মার্কিন সংশ্লিষ্টতাকে স্বাগত জানালেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতাকে স্বাগত জানিয়েছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। তাঁর আশা, এই সংশ্লিষ্টতা গণতন্ত্রে উত্তরণের পথে মিয়ানমারকে এগিয়ে নিয়ে যাবে। দেশটিতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে আজ শুক্রবার এক বৈঠকে সু চি এ আশাবাদ ব্যক্ত করেন।সু চি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্ত হওয়ায় আমরা খুশি। আমাদের আশা, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা মিয়ানমারের গণতন্ত্রের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে।’ সু চি আরও বলেন, ‘ক্লিনটনের এ সফর উভয় দেশের জন্য ঐতিহাসিক।’ইয়াঙ্গুনে লেকের পাশের বাড়িতে হিলারির সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী আনুষ্ঠানিক ওই বৈঠক করেন সু চি। আজকের বৈঠকের পর হিলারি ও সু চি বারান্দায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে হাত মিলান। এরপর তাঁরা বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানান। সু চি বলেন, ‘আমরা একসঙ্গে সামনে এগিয়ে গেলে গণতন্ত্রের পথ থেকে ফিরে আসতে হবে না। মিয়ানমার এখনো গণতন্ত্রের পথে নেই। আমাদের আশা, বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতায় এ পথে শিগগিরই এগিয়ে যাওয়া সম্ভব।’সু চি মিয়ানমারের সেনা-সমর্থিত সরকারে আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে আরও কাজ করতে আহ্বান জানান। তিনি বলেন, ‘কারাবন্দীদের মুক্তি দেওয়া প্রয়োজন। এ ছাড়া আমাদের নিশ্চিত হতে হবে যে আর কাউকে গ্রেপ্তার করা হবে না।’সু চি আরও বলেন, তিনি দেশের কল্যাণে সরকার, বিরোধী দল এবং যুক্তরাষ্ট্র, চীনসহ বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করবেন।সু চির সঙ্গে বৈঠকের পর মিয়ানমারের সংখ্যালঘিষ্ট নৃ-তাত্ত্বিক গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্ করার কথা হিলারির। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে গত বুধবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে পৌঁছান। গতকাল হিলারি মিয়ানমারের প্রেসিডেন্টসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। নতুন সরকারের সংস্কার কর্মসূচিকে উত্সাহিত করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর সরকারের শীর্ষ কূটনীতিক হিলারিকে মিয়ানমার সফরে পাঠান।এদিকে মিয়ানমারের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সুসম্পর্ক স্থাপনে নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।সু চি বলেন, ‘এর মধ্য দিয়েই বোঝা যায়, আমাদের প্রতি পুরো বিশ্বের সমর্থন রয়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশ চীনের সঙ্গে আমাদের ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বলে আমি মনে করি।’চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি গত বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা মনে করি মিয়ানমার ও পশ্চিমা দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে উভয় দেশের সম্পর্কের উন্নয়ন ঘটবে।’সাবেক সামরিক জান্তার দমন-পীড়নের কারণে মিয়ানমার দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একঘরে হয়ে থাকলেও চীনের দেশটির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর মিয়ানমারে বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে চীন অন্যতম।