মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৪
মিয়ানমারে গতকাল শুক্রবার রোহিঙ্গা মুসলমানদের হামলায় বৌদ্ধ ধর্মাবলম্বী চারজন নিহত হয়েছে। সাম্প্রদায়িক বিরোধপূর্ণ রাখাইন রাজ্যে এ ঘটনা ঘটে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। ঘটনার পর রাজ্যের মুয়াংদাও শহরে কারফিউ জারি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে বলা হয়, গতকাল জুমার নামাজ শেষে ওই এলাকায় শত শত রোহিঙ্গা মুসলমান ক্ষুব্ধ হয়ে বিভিন্ন ঘরবাড়িতে হামলা চালায়। এ সময় তারা পাথর ছোড়ে ও ঘরবাড়িতে আগুন লাগায়।প্রেসিডেন্ট থেইন সেইনের দপ্তরের কর্মকর্তা হমু জাও তাঁর ফেসবুকে উল্লেখ করেন, দাঙ্গাকারীদের ছুরিকাঘাতে বৌদ্ধ ধর্মাবলম্বী চারজন নিহত হয়েছে। এর মধ্যে একজন চিকিত্সক ও বয়স্ক লোক আছেন। সেখানকার একটি হাসপাতালের চিকিত্সক জানান, দাঙ্গায় এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়। রাখাইন রাজ্য ভ্রমণের সময় বৌদ্ধদের হামলায় ১০ মুসলমান নিহত হওয়ার পর সেখানে উত্তেজনা চলছিল। ওই ঘটনার পাঁচ দিন পর গতকালের দাঙ্গার ঘটনা ঘটল।একজন রোহিঙ্গা রাজনৈতিক কর্মীর দাবি, গতকাল নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার পরই এ দাঙ্গার শুরু। কোনো নিরপেক্ষ সূত্র থেকে এ ঘটনার বিভিন্ন তথ্য যাচাই করা যায়নি।