মিয়ানমারে সুষ্ঠু নির্বাচন নিয়ে সু চির আশঙ্কা
মিয়ানমারে আগামী রোববার অনুষ্ঠেয় নির্বাচনে নানা অনিয়মের আশঙ্কা করছেন গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। তিনি নির্বাচনী প্রচারাভিযানকে অবাধ ও সুষ্ঠু নয় বলে মনে করছেন। বিবিসি অনলাইন জানায়, নিরপেক্ষতা নিয়ে আশঙ্কা থাকলেও সু চি নির্বাচনে অংশ নেবেন। তিনি সামনে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ এবং নির্বাচনে অংশ নিয়ে তাঁর কোনো দুঃখবোধ নেই। মিয়ানমারের ‘দ্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’ দলের প্রধান সু চি আসন্ন নির্বাচনে তাঁর নির্বাচনী এলাকা ইয়াঙ্গুনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কউমুতে জয়লাভ করতে পারেন বলে আশা করা যাচ্ছে। সু চির দল অভিযোগ করে, ভোটার তালিকায় কেবল সু চির নির্বাচনী এলাকারই শত শত মৃত মানুষের নাম রয়েছে। এ ছাড়া ভোট দিতে সক্ষম এক হাজার ৩০০ জনেরও বেশি লোকের হদিস পাওয়া যাচ্ছে না। এক সংবাদ সম্মেলনে সু চি বলেন, নির্বাচনে প্রতিপক্ষের লোকজনের কাছ থেকে ভীতি প্রদর্শন এবং নির্বাচনী সামগ্রী ধ্বংসের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘তার পরও আমরা নির্বাচনে অংশ নিতে দৃঢ় সংকল্প। কারণ, জনগণ এটাই চায়।’