মিয়ানমারের আটক হওয়া ৪৯ নাগরিককে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের ৪৯ জন নাগরিককে গতকাল শনিবার গভীর রাতে আটক করেছে। তাঁদের আজ রোববার মিয়ানমারে ফেরত (পুশব্যাক) পাঠানো হয়েছে।বিজিবি সূত্র জানায়, গতকাল শনিবার গভীররাতে হোয়াইক্যং বিওপির কোম্পানি কমান্ডার হোসেন সরওয়ার্দীর নেতৃত্বে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেকপোস্টে কয়েকটি যানবাহনে তল্লাশি চালিয়ে ৪৫ জন মিয়ানমারের নাগরিককে আটক করে। পরে রাত দুইটার দিকে হোয়াইক্যং লম্বাবিল ৯ নম্বর সুইচ গেইটের এলাকা দিয়ে তাদের মিয়ানমারে ফেরত (পুশব্যাক) পাঠানো হয়েছে।আজ বেলা ১১টার দিকে লম্বাবিল এলাকা দিয়ে ঢোকার সময় আরও চারজন নাগরিককে আটক করা হয়। তাঁরা মিয়ানমারের মংডু টাউনশিফের বলিবাজার, মংনিপাড়া, হারিপাড়া, জালিয়াপাড়া ও উকিলপাড়ার বাসিন্দা। দুপুর ১২টার দিকে তাঁদের মিয়ানমারে ফেরত (পুশব্যাক) পাঠানো হয়।আটক হওয়া মিয়ানমারের নাগরিকেরা বলেন, পেটের দায়ে তাঁরা কাজের সন্ধানে টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির একজন কর্মকর্তা বলেন, প্রতিদিন টেকনাফে কোনো না-কোনো সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের নাগরিকেরা ঢুকছে। তাদের প্রতিরোধ করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই সীমান্ত এলাকায় বিজিবির সদস্যদের জোরদার রাখা হয়েছে বলে তিনি প্রথম আলোকে জানান।টেকনাফের বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতাদের একটি তালিকা রয়েছে। জরুরি ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।