মিয়ানমারের আসল পরীক্ষা সামনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরেরও কম সময়ে সামরিক শাসনের কড়াকড়ি থেকে গণতন্ত্রে ফিরেছে মিয়ানমার। সাম্প্রতিক সময়ে দেশটির রাজনীতিতে যে গতিতে পরিবর্তন আসছে, তাতে পর্যবেক্ষকেরাও হতবাক। তবে বিশ্লেষকেরা বলছেন, দেশটির পরিবর্তনে বর্তমান সেনাসমর্থিত সরকারের কার্যক্রম আশার আলো জ্বালালেও আসল চ্যালেঞ্জ সামনে। আন্তর্জাতিক চাপে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দীর্ঘ বন্দী জীবনের অবসান ঘটেছে। সু চি এখন দেশটির সেনাসমর্থিত রাজনৈতিক ব্যবস্থায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে দেশটির সরকার বেশ কিছুসংখ্যক রাজবন্দীকে মুক্তি দিয়েছে। ভবিষ্যতে আরও রাজবন্দীকে মুক্তি দেওয়া হবে বলেও জানানো হয়েছে। কালো আইনগুলো পুনর্লিখন করা হচ্ছে। গণমাধ্যমের ওপর বিধি-নিষেধ শিথিল করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে সেনাসমর্থিত সরকার আসলে বিরোধীদের মন জয় করার চেষ্টা করছে। তবে এ পরিবর্তনের স্থায়িত্ব নিয়ে বিশেষজ্ঞদের মনে রয়েছে আশঙ্কা। বিশ্লেষকেরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি মিয়ানমারের জন্য ভবিষ্যতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে দেশটির অর্থনৈতিক দিকটি। দারিদ্র্য ও অর্থনৈতিক অব্যবস্থাপনায় দেশটি জর্জরিত। মিয়ানমারের অনেক অঞ্চলেই অশান্তি বিরাজ করছে। বিশেষ করে চীন ও থাইল্যান্ড সীমান্তে সশস্ত্র ক্ষুদ্র জনগোষ্ঠীগুলোর সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর সংঘর্ষ লেগেই আছে। তা ছাড়া ওই এলাকাগুলোতে উত্পাদিত হয় ব্যাপক পরিমাণ হেরোইন। মিয়ানমারের ইতিহাসবিদ ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা থান্ট মায়েন্ট উ বলেছেন, রাজবন্দীদের মুক্তি, সু চির রাজনীতিতে অংশগ্রহণ—এসব আমাদের আশান্বিত করে তোলে। তবে মিয়ানমারের অর্থনীতির ব্যাপারে আশাবাদী হওয়া কঠিন। তা ছাড়া সেখানে এখনো যথাযথ বিচারব্যবস্থা নেই, ব্যাংকিং নেই, অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়তায় নেই কোনো সুষ্ঠু ব্যবস্থা; যাতে ব্যবসা চালানোর প্রয়োজনীয় ঋণের সহায়তা মিলবে।’ মিয়ানমার প্রসঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে আসিয়ান সম্মেলনে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, দেশটির মানবাধিকার পরিস্থিতি, গণতন্ত্রপন্থীদের বিচার বা আটক, ক্ষুদ্রগোষ্ঠীগুলোর প্রতি নির্মমতা এবং কতিপয় সেনা কর্মকর্তার হাতে ক্ষমতার কেন্দ্রীভূতকরণ মিয়ানমারকে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় থেকে দূরে সরিয়ে রেখেছে। ওবামা বলেন, ‘মিয়ানমারকে আরও অনেক কিছুই করতে হবে।’দেশটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওবামা বলেন, ‘দীর্ঘ কালো অধ্যায়ের পর গত কয়েক সপ্তাহে আমরা খানিক অগ্রগতির চিহ্ন দেখছি। সু চি ও সেনা শাসকদের মধ্যে সম্পর্কের ওপরই নির্ভর করবে দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা।’তবে দেশটির বিশ্লেষকেরা বলছেন, সবকিছু ছাড়িয়ে আগামী দিনগুলোতে মিয়ানমারকে অর্থনীতি গঠনে শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।—দ্য নিউইয়র্ক টাইমস।