মিয়ানমারের উদ্দেশ্যে ১১ সদস্যের প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ
বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিসংক্রান্ত ষষ্ঠ দফা বৈঠক ১৭ মার্চ থেকে নেপিডতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কারিগরি পর্যায়ের দুই দিনের বৈঠকে যোগ দিতে বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধিদল আজ সোমবার দুপুরে ঢাকা ছেড়েছে। মিয়ানমারের রাজধানী নেপিডতে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন অতিরিক্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম এবং মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের উপপররাষ্ট্রমন্ত্রী ইউ মং মিন্ট।গত জানুয়ারিতে চট্টগ্রামে অনুষ্ঠিত দুই দেশের কারিগরি পর্যায়ের বৈঠকে মিয়ানমার বাংলাদেশের দাবির সঙ্গে একমত হয়ে সমদূরত্ব ও ন্যায্যতা—এই দুই নীতির ভিত্তিতে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করতে রাজি হয়। গত অক্টোবরে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ জাতিসংঘের সালিস আদালতে যায়। কিন্তু পরে মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়, তারা আলোচনার মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তি করতে চায়।