মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, মিয়ানমারের ওপর আরোপিত অর্থনৈতিক ও ভ্রমণ-সংক্রান্ত বিধিনিষেধ কিছুটা শিথিল করা হবে। এর অংশ হিসেবে দেশটির নেতারা যুক্তরাষ্ট্র সফর করতে পারবেন। এদিকে, ইউরোপীয় ইউনিয়নও গতকাল বুধবার মিয়ানমারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের মতো একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।গত রোববার মিয়ানমারে উপনির্বাচনে বিরোধীদলীয় নেতা গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বেশির ভাগ আসনে জয়ী হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এ ঘোষণা দেয়।অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে দ্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৪৫টি আসনের ৪০টিতে জয়ী হয়েছে।হিলারি ক্লিনটন বলেন, যুক্তরাষ্ট্র এখন মিয়ানমারে একটি উন্নয়ন সংস্থার কার্যালয় চালুর ব্যাপারে পদক্ষেপ নেবে এবং সেখানে একজন রাষ্ট্রদূত পাঠাবে।অন্যদিকে গতকাল অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের (আশিয়ান) নেতারা এক বৈঠক করে মিয়ানমারের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।লন্ডনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সম্ভবত মিয়ানমারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করবে।’ তবে এর মানে এই নয় যে এখনই পুরোদমে দেশটির সঙ্গে বাণিজ্যের পথ খুলে গেল। হেগ আরও বলেন, রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার জন্য তিনি মিয়ানমার সরকারের ওপর চাপ অব্যাহত রাখবেন। এবারের উপনির্বাচনে এনএলডি প্রায় সব আসনে জিতলেও পার্লামেন্টে জান্তা ও তাদের মিত্রদের কোনো সমস্যা হবে না। কেননা, ৬৬৪ আসনের পার্লামেন্টে তাদের বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।