ইয়াবার পাচার বন্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে মিয়ানমারের ২৫ মাদক ব্যবসায়ীর তালিকা সে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশে মাদকসহ গ্রেপ্তার হওয়া ২৭ জন ব্যক্তির নামের তালিকাও দেওয়া হয়েছে, যাতে মিয়ানমারের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।মিয়ানমার থেকে ফিরে গতকাল রোববার প্রথম আলোকে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলী। তিনি জানান, আলোচনায় সিদ্ধান্ত হয়েছে কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামের মাঠপর্যায়ের মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা বছরে দুবার মিয়ানমারের (মিয়ানমার-বাংলাদেশ) সীমান্ত এলাকার মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে তাঁরা মাদক পাচার বন্ধে তথ্য ও কৌশল আদান-প্রদান করবেন। তাৎক্ষণিকভাবেও তাঁরা তথ্য আদান-প্রদান করবেন।মাদক, বিশেষ করে, মিয়ানমার থেকে ইয়াবা আসার কারণে মিয়ানমারের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করে বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রথম দফায় গত ১৫ ও ১৬ নভেম্বর ইয়াঙ্গুনে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়। অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, কাস্টমস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়। মিয়ানমারের পুলিশপ্রধান মেজর জেনারেল চ চ তুনের নেতৃত্বে সে দেশের ১১ সদস্যের প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়।মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলী বলেন, থাইল্যান্ড সীমান্তে মিয়ানমারের দুর্গম সান প্রদেশে ইয়াবার কারখানা সবচেয়ে বেশি। সেখান থেকে মূলত মাছ ধরার নৌকায় নাফ নদী হয়ে ইয়াবা দেশে ঢোকে। দুই দেশের কর্মকর্তারা ইয়াবা পাচার বন্ধে মাছ ধরার নৌকা ও ট্রলারের ওপর নজরদারি বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন।মহাপরিচালক বলেন, ১৯৯৪ সালে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ চুক্তি হয়। তবে এরপর দুই দেশের মধ্যে যোগাযোগ কমে আসায় চুক্তিটির কোনো সুফল আসেনি। ওই চুক্তির আলোকেই এবার আলোচনা হয়েছে। তবে চুক্তির সুফল পেতে আরও একাধিকবার আলোচনায় বসতে হবে।