মিয়ানমার নামটি মনে এলে চোখের সামনে ভেসে ওঠে একটি দেশ, যেখানে সামরিক জান্তার পদতলে ভূলুণ্ঠিত মানবাধিকার। আর ভেসে ওঠে গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রামরত একটি মুখ, বিশ্বব্যাপী যাঁর পরিচিতি অং সান সু চি নামে। দেশে তাঁর সমর্থকেরা ভালোবেসে ডাকে ‘দও’ (জ্যেষ্ঠ পদে থাকা কোনো বয়োজ্যেষ্ঠ নারীকে সম্মানসূচকভাবে এ নামে ডাকা হয়) নামে।তবে সাম্প্রতিক বছরগুলোতে এই দৃৃশ্যপটের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। বিশেষ করে, ২০১২ সালটা মিয়ানমারের গণতন্ত্রকামীদের জন্য অনেক প্রাপ্তির ঘটনাবহুল একটা বছরই বলা যায়। দেশটির প্রেসিডেন্ট থেইন সেইনের নেতৃত্বাধীন ‘বেসামরিক’ সরকার ২০১১ সালের মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর যেসব সংস্কার কর্মসূচির ঘোষণা দিয়েছিল, তার উল্লেখযোগ্য অংশ বাস্তবে রূপ নিয়েছে এই ২০১২ সালেই। গণতন্ত্রপন্থী নেত্রী শান্তিতে নোবেলজয়ী সু চি দীর্ঘদিনের কারাবাসের ইতি ঘটার পর প্রথমবারের মতো আমেরিকা ও ইউরোপের অনেক দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। দেশে অবাধ ও নিরপেক্ষ উপনির্বাচন হয়েছে; তাতে অংশ নিয়ে প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন সু চি; দেশের ওপর পশ্চিমা বিশ্বের যে নিষেধাজ্ঞা ও অবরোধের খড়্গ নেমে এসেছিল, তার বেশির ভাগই প্রত্যাহার করা হয়েছে; বিদেশি সাহায্য ও বিনিয়োগ আসতে শুরু করেছে। উপজাতি বিদ্রোহী কারেন ও কোচিন গোষ্ঠীর সঙ্গে সরকার সমঝোতা চুক্তি করেছে। দেশের গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করা হয়েছে। তবে এসবেরও ঊর্ধ্বে ছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঐতিহাসিক মিয়ানমার সফর। এ রকম অনেক কিছু প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী, যা মাত্র কয়েক বছর আগেও ছিল অভাবনীয়। তবে এত ইতিবাচক ঘটনার পরও ২০১২ সালের একটি ঘটনা সব সফলতাকে ম্লান করে দিয়েছে, তা বলতেই হবে। তা হলো: রাখাইন রাজ্যের সাম্প্রদায়িক সহিংসতা। রাখাইন বৌদ্ধদের সঙ্গে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের কয়েক দফার ওই সহিংসতায় হতাহত হয় শত শত মানুষ। এ ছাড়া বাস্তুহারা হয়ে দেশ ও দেশের বাইরে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিতে হয়েছে লাখ লাখ নাগরিককে। সহিংসতা বন্ধে ব্যবস্থা না নিয়ে সরকারের নিরাপত্তা বাহিনী কোনো কোনো ক্ষেত্রে ইন্ধন জুগিয়েছে বলেও অভিযোগ রয়েছে।ঘটনাক্রমিক:জানুয়ারি ২০১২: কারেন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকার অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করে। সংবাদপত্রে ছাপার আগে সেন্সরশিপ করার বিধান বাতিল করা হয়। তবে গণমাধ্যমের ওপর এখনো সরকারের শক্ত নিয়ন্ত্রণ বিদ্যমান।এপ্রিল ২০১২: মিয়ানমারের পার্লামেন্টের উপনির্বাচন। অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদস্যরা এতে জয়লাভ করেন। সু চি নিজেও একটি আসন থেকে নির্বাচন করে জয়ী হন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিয়ানমারের ওপর আরোপিত সব বেসামরিক নিষেধাজ্ঞা এক বছরের জন্য প্রত্যাহার করে। মিয়ানমারের গণতন্ত্র উত্তরণ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে ইইউর পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ক্যাথেরন অ্যাস্টন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জাতিসংঘের মহাসচিব বান কি মুন দেশটিতে সফর করেন।মে ২০১২: ভারতের প্রধানমন্ত্রী মিয়ানমারে যান। ১৯৮৭ সালের পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই ছিল প্রথম দাপ্তরিক সফর। তিনি মিয়ানমারের সঙ্গে ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে ১২টি চুক্তিতে সই করেন।আগস্ট ২০১২: রাখাইন রাজ্যে রাখাইন বৌদ্ধ ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে সহিংসতার কারণ অনুসন্ধানে প্রেসিডেন্ট থেইন সেইন কমিশন গঠন করেন। ওই সহিংসতায় অনেকেই প্রাণ হারায় এবং বাস্তুচ্যুত হয় হাজারো মানুষ। সংবাদপত্রে ছাপার আগে সেন্সরশিপ প্রথা বিলুপ্ত করে সরকার। আগে কোনো প্রতিবেদন ছাপার আগে রাষ্ট্রীয় সেন্সরকারীদের কাছে সেটা পাঠাতে হতো। এর মাধ্যমে সেটা রহিত করা হয়। মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের অংশ হিসেবে থেইন সেইন তথ্যমন্ত্রী হিসেবে কট্টরপন্থী কাইঅ সানের স্থলাভিষিক্ত করেন মধ্যপন্থী অং চিকে। সামরিক বাহিনীর পক্ষে তিনিই বিরোধীদলীয় নেত্রী সু চির সঙ্গে মধ্যস্থতাকারী ছিলেন।সেপ্টেম্বর ২০১২: সরকার তার কালো তালিকা থেকে দুই হাজার ৮২ জনের নাম বাদ দেয়। এ ঘটনার পর ১৯৮৮ সালের আলোচিত ছাত্র-বিক্ষোভের নেতা মোয়ে থি জান দীর্ঘদিনের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন। প্রেসিডেন্ট থেইন সেইন বিবিসিকে বলেন, সু চি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি মেনে নেবেন।নভেম্বর ২০১২: সফররত ইইউর প্রধান হোসে ম্যানুয়েল বারোসো মিয়ানমারকে ১০০ মিলিয়ন ডলারের উন্নয়ন সহায়তা দেওয়ার প্রস্তাব দেন। রাখাইন রাজ্যে ফের বৌদ্ধ-মুসলিম সহিংসতায় প্রাণ হারায় ৯০ জনের মতো মানুষ। মিয়ানমারে ঐতিহাসিক সফরে আসেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আরও সংস্কার সাধনের বিনিময়ে মিয়ানমারের জন্য ‘বন্ধুত্বের হাত’ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। রোহিঙ্গা সমস্যা সমাধানেরও আহ্বান জানান ওবামা। হারুন-অর-রশীদ