মিয়ানমারের জাতীয় ঐক্য প্রাধান্য পেল সু চি-মনমোহন বৈঠকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ঐতিহাসিক সফরের অংশ হিসেবে আজ বুধবার দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। বৈঠকে দুই নেতা মিয়ানমারে চলমান জাতীয় মতৈক্যপ্রক্রিয়া এবং এর আলোকে দেশটিতে গণতন্ত্রায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।মনমোহন সিংয়ের দপ্তরসংশ্লিষ্ট সূত্র জানায়, সু চির সঙ্গে আধঘণ্টা বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী। এ সময় তিনি সু চির উদ্দেশে বলেন, ‘আপনার প্রতি আমাদের শুভকামনা রয়েছে। গণতন্ত্রের জন্য আপনার সংগ্রামে সমর্থন জানাই আমরা।’ তিনি (মনমোহন) আরও বলেন, ‘আমরা আপনার অদম্য সাহসেরও প্রশংসা করি।’ আলোচনায় দুই নেতা দুদেশের জনগণের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেন। পাশাপাশি পার্লামেন্ট ও বিচার বিভাগের মধ্যেও দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর কথা বলেন।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমন্ত্রণে জওহরলাল নেহরু বক্তৃতা দিতে সু চি রাজি হওয়াতেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ভারতের ক্ষমতাসীন ইউপিএ জোটের সভাপতি সোনিয়া গান্ধীর আমন্ত্রণে ভারত গেছেন সু চি। মিয়ানমারে গণতন্ত্রায়ন ও বহুদলীয় রাজনীতি বিকাশে ভারতের আগ্রহের পরিপ্রেক্ষিতে চার দশক পর সেখানে গেছেন তিনি।