মিয়ানমারের দুটি শহরে কারফিউ
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের দুটি শহরে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। সেখানকার বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে রাখাইন রাজ্যের মিন বায়া ও ম্রাউক শহরে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। বুধবারের সহিংসতায় ম্রাউক শহরে কমপক্ষে একজন নিহত হয়েছে। গত রোববার শুরু হওয়া এ সহিংসতায় এখন পর্যন্ত চারজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নতুন করে শুরু হওয়া এ সহিংসতা চলাকালে এক হাজারের বেশি ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই দুই শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।রাখাইন রাজ্যের একজন মুখপাত্র জানিয়েছেন, দুই সম্প্রদায়ের মধ্যে সহিংসতা অব্যাহত রয়েছে। বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। গত মে মাসে একজন বৌদ্ধ নারীকে কয়েকজন মুসলমান ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। এই খবরের পরিপ্রেক্ষিতে তখন বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলমানদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। ওই সহিংসতায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়। কর্তৃপক্ষের পদক্ষেপে পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সেখানে একধরনের চাপা উত্তেজনা বিরাজ করছিল। তবে নতুন করে শুরু হওয়া সহিংসতার কারণ এখন পর্যন্ত স্পষ্ট নয়। মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান ও সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধসম্প্রদায়ের মধ্যে সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। রোহিঙ্গা মুসলমানদের অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে সরকার।