মিয়ানমারের নির্বাচন প্রত্যাখ্যান করেছে পশ্চিমা দুনিয়া
দীর্ঘ দুই দশক পর অনুষ্ঠিত মিয়ানমারের সাধারণ নির্বাচন প্রত্যাখ্যান করেছে বেশির ভাগ পশ্চিমা দেশই। পশ্চিমা দেশগুলো বলেছে, মিয়ানমারে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনকে কোনোভাবেই সুষ্ঠু ও অবাধ বলা চলে না। খবর বিবিসি অনলাইনের।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মিয়ানমারের সাধারণ নির্বাচন সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মৌলিক মান অর্জন করতে ব্যর্থ হয়েছে।ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ এই নির্বাচনের মাধ্যমে শুধু মিয়ানমারের সামরিক জান্তার ক্ষমতা পাকাপোক্ত হয়েছে।গতকাল রোববার মিয়ানমারে দীর্ঘ দুই দশক পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে দেশটির অবিসংবাদিত নেতা অং সাং সু চির নেতৃত্বাধীন প্রধান বিরোধ দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) অংশ নেয়নি। নির্বাচনে মিয়ানমারের সামরিকতন্ত্রের সমর্থক দলগুলোই যে বেশির ভাগ আসনে জয়ী হতে চলেছে, সে ব্যাপারে মোটামুটি নিশ্চিত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নির্বাচনের চূড়ান্ত ফলাফল কখন ঘোষণা করা হবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।এদিকে নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে অনেকেই বিড়ম্বনার মুখে পড়েছিলেন বলে জানা গেছে। বেশ কয়েকজন ভোটারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভোটাররা কেউই গোপনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সরকারি কর্মকর্তাদের সামরিকতন্ত্রের সমর্থক রাজনৈতিক দলগুলোর পক্ষে নিজেদের ভোটাধিকার প্রয়োগে রীতিমতো বাধ্য করা হয়েছে। দেশটির রাজধানী ইয়াংগুনে মোট ভোটার উপস্থিতির হার ছিল খুবই নগণ্য।মিয়ানমারে অবাধ ও সুষ্ঠু পরিবেশে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে। সেবার মিয়ানমারের জনগণ রায়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয় অং সাং সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। তবে নির্বাচনে জিতেও অং সাং সু চি মিয়ানমারের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে দেয়নি দেশটির সামরিক জান্তা। ২০০৮ সালে মিয়ানমারে নতুন সংবিধান প্রণীত হয়। সেই সংবিধানে ‘নিয়ন্ত্রিত গণতন্ত্রের’ কথা বলা হয়েছে। এ নতুন সংবিধানের অধীনেই দেশটিতে গতকাল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সংবিধানে এক-চতুর্থাংশ সংসদীয় আসন সামরিক বাহিনীর উচ্চপদস্থ জেনারেলদের জন্য সংরক্ষণের বিধান রাখা হয়েছে। এ ছাড়া সংবিধান সংশোধনের জন্য ৭৫ শতাংশ সংখ্যাগরিষ্ঠতার বিধান রাখা হয়েছে। সবদিক দিয়েই সামরিকতন্ত্রের উপযোগী করে ‘বেসামরিক শাসনে’ প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে এই নতুন সংবিধান গৃহীত হয়েছে।নির্বাচনে সামরিকতন্ত্রের সমর্থক ও সাবেক জেনারেলদের নেতৃত্বে গঠিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ও ন্যাশনাল ইউনিটি পার্টি (এনইউপি) উভয়েরই বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ দুটি দলের সমন্বয়ে কোয়ালিশন সরকারও গঠিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর চলমান ভারত সফরের এ পর্যায়ে মিয়ানমারের নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘এ নির্বাচনে সবই হয়েছে, কেবল মিয়ানমারের মানুষ তাতে স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরেই মিয়ানমারের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা চলেছে।’ হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে অং সাং সু চিসহ সব রাজবন্দীর মুক্তি দাবি করা হয়েছে।ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ বলেছেন, কারচুপির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরা যায় না। মিয়ানমারের মানুষের কাছে এ নির্বাচন সামরিক জান্তার বেসামরিক মোড়কে ক্ষমতার আরোহণের মহড়া মাত্র। যে সামরিকতন্ত্র দীর্ঘদিন ধরেই দেশটির সম্পদ লুট করে চলেছে এবং যাদের হাতে দেশটিতে ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ফ্রান্স জানিয়েছে, মিয়ানমারের সামরিক জান্তার উচিত আলাপ-আলোচনার মধ্য দিয়ে সব রাজনৈতিক সমস্যার সমাধান করা। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক কঠোরভাবে নিষিদ্ধ করে মিয়ানমারের সামরিক জান্তা। —বিবিসি