মিয়ানমারের প্রেসিডেন্টের সফর পেছাল
মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের অনুরোধে আগামী ১৫ জুলাই থেকে অনুষ্ঠিতব্য তাঁঁর পূর্বনির্ধারিত বাংলাদেশ সফরটি পিছিয়ে গেছে। আগামী রমজানের পর এ সফরের আয়োজন করতে তিনি বাংলাদেশকে অনুরোধ করেছেন।বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকের পর আজ রোববার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস সাংবাদিকদের জানান, গতকাল শনিবার মিয়ানমার এ অনুরোধ জানিয়েছে।সফর পেছানোর কারণ উল্লেখ করতে গিয়ে মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার বিষয়টি প্রেসিডেন্ট নিজেই তদারকি করছেন। তাই উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশে আসাটা পিছিয়ে দিতে চান। এদিকে আজ দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়া, সড়ক যোগাযোগ স্থাপন, বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে সম্প্রসারিত আলোচনা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিজারুল কায়েস বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে স্বেচ্ছা প্রত্যাবাসনের বিষয়টি জড়িত। ইতিমধ্যেই মিয়ানমারের সরকার দুই হাজার ৪৯৫ শরণার্থীকে ফিরিয়ে নেওয়ার যে তালিকা দিয়েছে এর মধ্যে ১০টি পরিবারের সদস্যরা স্বেচ্ছায় মিয়ানমারে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন। কিন্তু উত্তর রাখাইন রাজ্যের সাম্প্রতিক ধর্মীয় সংঘাতের কারণে এখনই তাদের মিয়ানমারে পাঠানো শুরু হচ্ছে না। তবে পরিস্থিতির উন্নতি হলে ওই রোহিঙ্গা শরণার্থীদের আবার ফেরত পাঠানো শুরু হবে।পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশের দুটি শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী, শিবিরের বাইরে অবস্থানকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং বাংলাদেশের কারাগারে আটক মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে সে দেশের পররাষ্ট্রসচিব তাঁর সরকারের সিদ্ধান্তের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।তবে মিয়ানমারের উপপররাষ্ট্রমন্ত্রী উ মং মিন্ট বলেন, এসব ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আগে মিয়ানমার সরকার তাদের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করতে চায়।উ মং মিন্ট মিয়ানমারের পররাষ্ট্রসচিব। দেশটিতে সরকারিভাবে এই পদধারীকে উপপররাষ্ট্রমন্ত্রী বলা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ সকাল থেকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস এবং মিয়ানমারের নেতৃত্ব দিচ্ছেন সে দেশের উপপররাষ্ট্রমন্ত্রী উ মং মিন্ট।