মিয়ানমারের রাজবন্দীদের মুক্তি দিতে হিলারির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, রাজবন্দীদের মুক্তি ও বিরোধীদের সঙ্গে আলোচনা শুরু না করলে মিয়ানমার আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা হারাবে। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আঞ্চলিক জোট অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনের (আসিয়ান) সম্মেলনের ফাঁকে তিনি এ কথা বলেন।মিয়ানমারের কর্তৃপক্ষের উদ্দেশে হিলারি বলেন, ‘রাজবন্দীদের মুক্তি দিন, আলোচনা শুরু করুন। নইলে মিয়ানমারের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিশ্বাসযোগ্যতা হারাবেন।’গত বছর দেশটিতে অনুষ্ঠিত বিতর্কিত সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন সামরিক জান্তা-সমর্থিত দল জয়লাভ করে। পরে কাগজে-কলমে বেসামরিক কর্তৃপক্ষের কাছে দেশটির ক্ষমতা হস্তান্তর করা হলেও এখনো সেখানে অগণতান্ত্রিক পরিবেশই বিদ্যমান।মিয়ানমারে বর্তমানে প্রায় দুই হাজার রাজবন্দী রয়েছে। এ ছাড়া রাজনৈতিক সংস্কারের ব্যাপারে সেখানে বিরোধীদের সঙ্গে এখন পর্যন্ত কোনো ধরনের আলোচনাই শুরু করা হয়নি। একই সঙ্গে দেশটির নোবেল বিজয়ী গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সু চিকে নানাভাবে হয়রানি করছে সামরিক জান্তা-সমর্থিত সরকার।