রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন
মিয়ানমারের সম্মতি ইতিবাচক, প্রক্রিয়া শুরু হতে সময় লাগবে
রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রেসিডেন্টের আশ্বাসকে ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ। তবে ছয় বছর ধরে বন্ধ থাকা শরণার্থী প্রত্যাবাসনের কাজ শুরু হতে প্রক্রিয়াগত কারণে সময় লাগবে বলে মনে করা হচ্ছে। পররাষ্ট্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল বুধবার প্রথম আলোকে বলেছেন, মিয়ানমারের প্রেসিডেন্ট থিন সেন রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে যে আশ্বাস দিয়েছেন, তা তাৎপর্যপূর্ণ। কারণ দেশটির সর্বোচ্চ পর্যায় থেকে প্রথমবারের মতো সুস্পষ্টভাবে এভাবে অঙ্গীকার করা হয়েছে। মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রেসিডেন্ট তাঁর দেশের প্রস্তুতির বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন। গত মঙ্গলবার নেপিডোতে দুই দেশের শীর্ষ বৈঠকে উপস্থিত ওই কূটনীতিক মনে করেন, মিয়ানমার শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করবে। গত মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে অনুষ্ঠিত বৈঠকে শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার প্রসঙ্গ তোলেন শেখ হাসিনা। তাঁর উত্তরে থিন সেন বলেন, দ্রুত শরণার্থী প্রত্যাবাসনের কাজ শুরু করতে মিয়ানমার প্রস্তুত। কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং ও টেকনাফের নোয়াপাড়ায় অবস্থিত দুটি শরণার্থী শিবিরে এখন প্রায় ২৯ হাজার শরণার্থী বাস করছে। ১৯৯২ সালে মিয়ানমারের তৎকালীন সরকার রাখাইন প্রদেশে নির্যাতন শুরু করলে প্রায় আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। পরে তাদের মধ্যে প্রায় দুই লাখ ৩০ হাজার দেশে ফিরে গেছে। আর ২০০৫ সালে বন্ধ হয়ে যায় প্রত্যাবাসন-প্রক্রিয়া।পরিবর্তিত সময়কে কাজে লাগানো: পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠাতে আলোচনা শুরু করে। ওই বছরের মে মাসে নেপিডোতে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপর সিদ্ধান্ত হয় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে প্রত্যাবাসনের খুঁটিনাটি ঠিক হবে। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে দুই পররাষ্ট্রসচিবের বৈঠকে সিদ্ধান্ত হয়, আপাতত নয় হাজার শরণার্থীকে ফিরিয়ে নেওয়া হবে। এ প্রসঙ্গে ওই কর্মকর্তা উল্লেখ করেন, ২০০৫ সালের শুরুতেই শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সীমান্তে উত্তেজনা দেখা দিলে প্রত্যাবাসন বন্ধ হয়ে যায়। এর আগপর্যন্ত ৯০ জন শরণার্থীকে ফিরিয়ে নিয়েছিল মিয়ানমার। এক প্রশ্নের উত্তরে ঢাকার কূটনীতিকেরা বলছেন, সমুদ্রসীমার দাবি নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাওয়ায় শরণার্থীদের বিষয়টি কিছুটা শ্লথ হয়েছে। তবে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও তৃতীয় কমিটির মতো ফোরামে মিয়ানমারকে সব সময় সহায়তা দেয় বাংলাদেশ। তা ছাড়া সামরিক শাসনের অবসান শেষে নির্বাচনের পর দেশটিতে গণতন্ত্র এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ অন্য বিশ্বনেতারা দেশটি সফর করছেন। এমন এক পরিবর্তিত পরিস্থিতি মিয়ানমারের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য ইতিবাচক ক্ষেত্র তৈরি করেছে। আর এ সুযোগে বাংলাদেশ দীর্ঘ দিনের অমীমাংসিত বিষয় সমাধানে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সংশয় অতীত অভিজ্ঞতায়: মিয়ানমারের সর্বোচ্চ নেতৃত্বের প্রতিশ্রুতি বাংলাদেশকে আশাবাদী করলেও, পেছনে ফিরে গেলে আশাবাদের সুযোগ কম বলেও মনে করেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। এ প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একাধিক কর্মকর্তা বলন, ২০১০ সালে পররাষ্ট্রসচিবদের বৈঠকে যে নয় হাজার শরণার্থীকে অগ্রাধিকার ভিত্তিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়, তাদের চিহ্নিত করা হয়েছিল ২০০৫ সালেও। কিন্তু শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। এ ছাড়া সাম্প্রতিক সময়ে মিয়ানমারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা প্রায় দুই হাজার রোহিঙ্গা শরণার্থীকে অগ্রাধিকার ভিত্তিতে ফিরিয়ে নেবে। শুধু আশ্বাস নয়, দৃষ্টিভঙ্গির গুণগত পরিবর্তন না হলে শরণার্থী প্রত্যাবাসন শুরু নিয়ে সংশয় কাটবে না। ইউএনএইচসিআরের প্রতিক্রিয়া: ঢাকায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) দপ্তরে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। এ বিষয়ে জাতিসংঘের সংস্থাটির মুখপাত্র এই প্রতিবেদককে গতকাল দুপুরে মুঠোফোনে বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনের সর্বশেষ অগ্রগতিকে আমরা স্বাগত জানাই। তবে এ নিয়ে দুটি দেশের সর্বোচ্চ পর্যায়ের আলোচনার পর কী হবে, তা এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। শরণার্থী প্রত্যাবাসনের ব্যাপারে আমাদের অবস্থান খুব স্পষ্ট। শরণার্থীরা নিজ দেশে ফিরে যাবে স্বেচ্ছায়। আমাদের বিশ্বাস, বাংলাদেশ এ নীতির প্রতি শ্রদ্ধা জানাবে। তা ছাড়া মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের ফিরে যাওয়াটা সম্মানজনক ও টেকসই হতে হবে।’উভয়সংকট: বাংলাদেশ ও মিয়ানমার যখন রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে আলোচনার তোড়জোড় শুরু করেছে, তখন দেশে ফেরা নিয়ে উভয়সংকটে বাস্তুচ্যুত মানুষগুলো। কারণ, শরণার্থী হিসেবে বাংলাদেশে মানবেতর জীবন কাটাচ্ছে মিয়ানমারের রাখাইন প্রদেশের গৃহহীনরা। আবার দেশে ফিরেও মিলছে না নাগরিকত্বের স্বীকৃতি। শরণার্থী প্রত্যাবাসনের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ থেকে ফিরে যাওয়া রোহিঙ্গারা দেশে ফেরার পর তাদের স্থায়ী নাগরিকত্ব না দিয়ে দেওয়া হচ্ছে এক ধরনের অস্থায়ী পরিচয়পত্র, যা দিয়ে মিয়ানমারের অন্য লোকজনের মতো সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত হচ্ছে না। ফলে ফিরে যাওয়া অনেক শরণার্থীই বৈষম্যমূলক ওই পরিচয়পত্র নিচ্ছে না। তাদের আশঙ্কা, অস্থায়ী পরিচয়পত্র নিলে সারা জীবনই মিয়ানমারের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে জীবন যাপন করতে হবে। তা ছাড়া রয়েছে জীবন ও জীবিকার অনিশ্চয়তা।