মিয়ানমারের ৪৮ নাগরিককে ফেরত পাঠানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানের কারাগারে আটক সাজার মেয়াদ শেষ হওয়া মিয়ানমারের ৪৮ জন নাগরিককে আজ বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। আজ দুপুর ১২টায় বিডিআর ও নাসাকার মধ্যে পতাকা বৈঠক শেষে ওই ৪৮ জনকে নাসাকার কাছে হস্তান্তর করা হয়। পরে একটি ট্রলারে করে তাদের মিয়ানমারে পাঠানো হয়। টেকনাফ সড়ক ও জনপদ বিভাগের ডাকবাংলোতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠকে সীমান্ত এলাকার চোরাচালান, রোহিঙ্গা অনুপ্রবেশ, সীমান্ত বাণিজ্য গতিশীল করা, মিয়ানমারে আটক বাংলাদেশি নাগরিকদের ফেরত আনা ও সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে আলোচনা হয়।বিডিআর সূত্রটি জানায়, বৈঠকে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন ও চট্টগ্রামের সেক্টর কমান্ডার কর্নেল মো. হাবিবুর রহমান। আর ২৫ সদস্যের মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নাসাকা বাহিনীর ছয় নম্বর সেক্টরের পরিচালক।সূত্রটি আরও জানায়, আজ বেলা তিনটায় টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিডিআর ও নাসাকা বাহিনীর মধ্যে একটি প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। লে. কর্নেল মোজাম্মেল হোসেন এ পতাকা বৈঠকের খবর নিশ্চিত করেন।