মীর কাশেম আলীর ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাশেম আলী ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সূত্র জানায়, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা কোষ (সিআইসি) থেকে গতকাল বৃহস্পতিবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মীর কাশেম আলী ও তাঁর পরিবারের ছয় সদস্যের ব্যাংক হিসাব থেকে কোনো ধরনের অর্থ উত্তোলন কিংবা স্থানান্তর স্থগিত রাখতে বলা হয়।এ ছাড়া এসব ব্যক্তির ব্যাংক হিসাবের সর্বশেষ স্থিতি চিঠি পাওয়া মাত্রই এনবিআরের সিআইসিতে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। রাজস্ব স্বার্থে বিষয়টি অতীব জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়।চিঠিতে মীর কাশেম আলীকে কেয়ারি লিমিটেড এবং রাবেতা আল আলম আল ইসলামীর পরিচালক উল্লেখ করা হয়েছে। মীর কাশেমের পরিবারের অন্য যেসব সদস্যের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে, তাঁরা হলেন স্ত্রী খন্দকার আয়েশা খাতুন, ছেলে মোহাম্মদ বিন কাশেম, মীর আহমেদ বিন কাশেম, মেয়ে হাসিনা তায়েবা, তাহেরা হাসনিন ও সুমাইয়া রাবেয়া।প্রসঙ্গত, সন্দেহভাজন যুদ্ধাপরাধী হিসেবে মীর কাশেম আলীর বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তিনি গত ২৪ মার্চ কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে সৌদি আরবে যান।