মীর কাসেম যুক্তরাষ্ট্রের লবিস্ট প্রতিষ্ঠানকে ২৫ মিলিয়ন ডলার দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলী মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ প্রশ্নবিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের একটি লবিস্ট প্রতিষ্ঠানকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছেন। এর তথ্য-প্রমাণ সরকারের হাতে আছে।আইনমন্ত্রী গতকাল রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, ‘লবিস্ট প্রতিষ্ঠানের সঙ্গে জামায়াতের চুক্তির কপি এবং টাকা দেওয়ার রসিদ আমাদের হাতে এসেছে।’ প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল সোয়া পাঁচটার দিকে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।শফিক আহমেদ বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে ইকোনমিস্ট-এ ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সৌদি গেজেট-এ বিচারকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। তিনি জানান, যুদ্ধাপরাধের বিচারকাজ সম্পর্কে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের কাছে এর যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। তাঁরা সরকারের কাজে সন্তোষ প্রকাশ করেছেন।আইনমন্ত্রী বলেন, ‘বিচারকাজের স্বচ্ছতা সম্পর্কে আমি মার্কিন রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের কাছে তুলে ধরেছি। তাঁদের বলেছি, বাংলাদেশ মাফ করে দেওয়ার সংস্কৃতি থেকে বের হতে চায়, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। একাত্তরে ক্ষতিগ্রস্তদের প্রতি সুবিচার করতে এবং জাতিকে কলঙ্কমুক্ত করতে মানবতাবিরোধী অপরাধের বিচার করা হচ্ছে। তাঁদের আরও বলেছি, যারা ক্ষতিগ্রস্ত, তারা মানবতাবিরোধী অপরাধের বিচার চায়।’আইনমন্ত্রী বলেন, ‘বিদেশি দূতরা আমার কাছে জানতে চেয়েছেন, জামায়াতের পক্ষে কেন বিদেশি আইনজীবীদের দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়নি? জবাবে বলেছি, কোনো দেশের আদালতে আইনের চর্চা করতে হলে ওই দেশের আইন অনুযায়ী করতে হবে। আমাদের এখানে আইনের চর্চা করতে হলে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বার কাউন্সিলের পরীক্ষায় পাস করতে হবে। সে জন্য বিদেশি আইনজীবীদের জামায়াতের পক্ষে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়নি। বিদেশি দূতরা আমার কথায় সন্তুষ্ট হয়েছেন।’আইনমন্ত্রী আরও বলেন, আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের রায়ের পর রায়ের কপি জার্মানি, ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের দূতদের কাছে পাঠানো হয়েছে। রায় পড়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। সুতরাং মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বর্তমানে সুপ্রিম কোর্টে ডেথ রেফারেন্স মামলার সংখ্যা ৮২৯টি। এর মধ্যে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ৩৯৯টি এবং নিষ্পন্নাধীন মামলার সংখ্যা ৪৩০টি।সংসদে অনুপস্থিত ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, নদীর নাব্যতা রক্ষায় ক্যাপিটাল ড্রেজিং অ্যান্ড সাসটেইনেবল রিভার ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক দুই বছর মেয়াদি সমীক্ষার কাজ আগামী আগস্টে শেষ হতে পারে। সমীক্ষা শেষে সুপারিশের ভিত্তিতে নদী খনন করা হবে। যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদ অগ্রাধিকার ভিত্তিতে খননের আওতায় আনা হবে।সংসদে অনুপস্থিত এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বর্তমানে সচিব পর্যায়ে দুই, অতিরিক্ত সচিব পর্যায়ে ৩৮, যুগ্ম সচিব ১১২ এবং উপসচিব পর্যায়ে ১০৮ জন কর্মকর্তা ওএসডি অবস্থায় আছেন। তবে এসব কর্মকর্তার অনেকেই পদায়নের অপেক্ষায় বা লিয়েনে থাকার কারণে অথবা শিক্ষা ছুটিজনিত কারণে ওএসডি আছেন।