মীর কাসেমকে জিজ্ঞাসাবাদের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।আদেশে বলা হয়, মীর কাসেমকে তদন্ত সংস্থা এক দিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। জিজ্ঞাসাবাদের সময় পাশের কক্ষে তাঁর আইনজীবী ও একজন চিকিত্সক উপস্থিত থাকবেন।রাষ্ট্রপক্ষ মীর কাসেমকে তিন দিন সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেছিল। ট্রাইব্যুনাল তাঁকে এক দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন।এ ছাড়া মীর কাসেমের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন অথবা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ১২ আগস্ট দিন ধার্য করা হয়েছে। ওই দিন তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে।আজ মীর কাসেমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ১৭ জুন মীর কাসেম আলীকে গ্রেপ্তার করা হয়।