মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন।আসামির কাঠগড়ায় মীর কাসেমের উপস্থিতিতে ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, তদন্ত কর্মকর্তারা মীর কাসেমকে সেফ হোমে (জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত বাড়ি) নিয়ে এক দিন জিজ্ঞাসাবাদ করতে পারবেন। সেফ হোমে জিজ্ঞাসাবাদসংক্রান্ত ট্রাইব্যুনালের আগের আদেশের শর্তগুলো এ ক্ষেত্রে বলবৎ থাকবে। এ-সংক্রান্ত আগের আদেশ অনুসারে, দুপুরে এক ঘণ্টার বিরতিসহ সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা যাবে। জিজ্ঞাসাবাদকালে পাশের কক্ষে আসামিপক্ষের একজন আইনজীবী ও একজন চিকিৎসক উপস্থিত থাকবেন। তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের দিন ঠিক করবেন ও নির্ধারিত দিনের কমপক্ষে দুই দিন আগে বিষয়টি আটক ব্যক্তির আইনজীবীকে জানাতে হবে।মীর কাসেমকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ বলেন, সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে মীর কাসেমকে তিন দিন সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। এর বিরোধিতা করে আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, মীর কাসেমকে জিজ্ঞাসাবাদের যৌক্তিকতা প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে। দুই পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশ দেন।মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে এর আগে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমকে তাঁর ছেলের বাসায় জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা।রাষ্ট্রপক্ষ গতকাল মীর কাসেমের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করে। ট্রাইব্যুনাল আগামী ১২ আগস্টের মধ্যে তাঁর বিরুদ্ধে তদন্তে অগ্রগতির পরবর্তী প্রতিবেদন অথবা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন। ওই দিন তাঁকে ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দেওয়া হয়।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুন মীর কাসেমের বিরুদ্ধে এই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেদিন বিকেলেই তাঁকে মতিঝিলে নয়া দিগন্ত পত্রিকার কার্যালয় থেকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে পাঠানো হয়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা: একই ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে গতকাল জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম ও মনজুর আহমেদ আনসারী। ১২ জুলাই তাঁকে জেরার পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।